ময়দান আপডেট: প্রথমেই টস জিতে ইডেনের উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দর্শকদের বিস্মিত করে দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। কারণ এইবারের আইপিএলে সাধারণত দেখা যাচ্ছে যে দলই টস জিতছে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছেন। তারমধ্যে কলকাতার মেঘলা আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও, টস জিতে ব্যাট করবেন জানান নাইট অধিনায়ক। আর ব্যাট করতে নেমেই পর-পর দুই ম্যাচ জিতে খেলতে নামা শক্তিশালী পঞ্জাব কিংসের বোলিংয়ের সামনে শুরুতেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নাইট বাহিনী। ২৭ বছর বয়সি অস্ট্রেলিয়ার ডান হাতি ফাস্ট বোলার জেভিয়ার বাটলেট নিজের প্রথম ওভারে বল করতে এসেই, ওভারের শেষ তিন বলে দুই তারকা বিদেশী নাইটকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন তিনি। ম্যাচের ১ ওভার ৪ বলে বাটলেটের বলে ফিন অ্যালেনের ক্যাচ ধরে নেয় প্রভসিমরন সিং। ৬ রানে ফিরে যান অ্যালেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে এসে প্রথম বলে চার মারার পরেই, নিজের দ্বিতীয় বলে বাটলেটের বলে আবারও সেই প্রভসিমরন সিং এর হাতে ক্যাচ দিয়ে ২ বলে ৪ রানে ফিরে যান এবারের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার ক্যামরন গ্রিন। চার নম্বরে রাহানের সঙ্গে জুটি বাঁধেন অংকৃশ রঘুবংশি। তবে ম্যাচের তিন ওভার ৪ বল খেলার পরেই বৃষ্টি বেড়ে যাওয়ায়, ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়র। তখন দলের স্কোর ৩ ওভার ৪ বলে ২৫ রানে ২ উইকেট। ফলে পঞ্জাবের বোলিংয়ের সামনে শুরুতেই চাপে পড়ে যায় কেকেআর।

এরপর ক্রমশ বাড়তে থাকে বৃষ্টির দাপট। সঙ্গে শহর কলকাতা জুড়ে প্রবল কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে। গোটা স্টেডিয়াম ঢেকে দেওয়া হয়। হতাশ হয়ে পড়েন সমর্থকরা। দীর্ঘসময় ধরে অপেক্ষা করে দর্শকরা খেলা শুরু হওয়ায় প্রতীক্ষা করলেও, আর কোনও ভাবে ম্যাচ শুরু করা সম্ভব ছিল না। রাত পর্যন্ত নাগারে চলতে থাকে প্রবল বৃষ্টিপাত। ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে দেওয়া হলেও, মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যায়।

প্রায় রাত ১০ টা ৪৫ মিনিট নাগাদ বৃষ্টি বন্ধ হওয়ায়, আম্পায়র থেকে শুরু করে দুই দলের প্লেয়ার থেকে কোচ সকলেই মাঠে নেমে মাঠ পরিদর্শন করেন। মাঠে দেখা যায় ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জী থেকে শুরু করে সিএবি সভাপতি সৌরভকে। তারাও দীর্ঘক্ষণ মাঠ ঘুরে দেখেন। তবে মাঠের জল শুকিয়ে কোনও ভাবেই খেলা শুরু করা এত রাতে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত রাত ১১-টা নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। ম্যাচ বাতিল হওয়ায়, দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। সবমিলিয়ে সোমবার ইডেনে বরুণ দেবের আর্শীবাদে প্রথম ১ পয়েন্টের খাতা খুলে কিছুটা স্বস্তি ফিরে পেল বাংলার ঘরের দল কলকাতা নাইট রাইডার্স।

পাশাপাশি উল্লেখ্য এদিন ইডেনে নিজের দলের খেলা দেখতে স্বপরিবারে উপস্থিত ছিলেন নাইট দলের কর্ণধার শাহরুখ খান। তিনি বৃষ্টির মধ্যে খেলা বন্ধ থাকায় হতাশ সমর্থকদের উদ্দেশ্যে একাধিবার হাত তুলে দলের পাশে থাকার আবেদন জানান।
৪৩ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে সাফল্য অব্যাহত আরসিবির, ম্যাচের নায়ক টিম ডেভিড
