ময়দান আপডেট: শুক্রবার আইপিএলের হাইভোল্টেজ ডুয়েলে কিং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের। রাজস্থান মরসুম শুরু করেই তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে দারুণ ছন্দে রয়েছে। তাদের পয়েন্ট এখন ৬। অন্যদিকে পর-পর দুই ম্যাচেই জয়ের ধারা অব্যাহত রেখেছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। আরসিবি আইপিএলের উদ্বোধনী ম্যাচে নিজেদের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর, দ্বিতীয় ম্যাচেও চেন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৩ রানের বড় ব্যবধানে জয় লাভ করে।

তবে এবার মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড অসমের গুয়াহাটিতে খেলতে নামবেন বিরাটরা। ফলে সমর্থকদের উপস্থিতি অবশ্যই ভরসা যোগাবে রাজস্থানকে। তার মধ্যে শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। প্রথমে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের পর, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ৬ রানে জয় লাভ করে রাজস্থান।

মঙ্গলবার গুয়াহাটিতে নিজেদের মাঠে বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রানে জয় লাভ করে রাজস্থান। এদিন ১১ ওভারেই ৩ উইকেটে ১৫০ রান তোলে রাজস্থান। বৃষ্টি বন্ধ হওয়ার পর, গুয়াহাটিতে ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। যশস্বী ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ১৪ বলে ৩৯ রান করেন বৈভব সূর্যবংশী।

আর জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের কোনও ব্যাটারই মন ভরাতে পারেননি। ১১ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে মুম্বই। রাজস্থানের হয়ে ভালো বোলিং উপহার দেন নানদ্রে বারগার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোইরা। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ভালো জয়ের পর, আরসিবির বিরুদ্ধেও জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী রাজস্থান রয়্যালস। আর এই দুই দলের শেষ ৫ ম্যাচের পরিসংখ্যানগত বিচারে ৩ ম্যাচ জিতেছে রাজস্থান, ২ ম্যাচ আরসিবি। গতবারের আইপিএলে আরসিবি রাজস্থানকে হারায়, তবে এবার তার বদলা নিতে মুখিয়ে রয়েছেন অধিনায়ক রিয়ান পরাগের দল। দলগত সাফল্যই রাজস্থানের এবারের টুর্নামেন্টের ইতিবাচক দিক। কারণ তাদের দলের ব্যাটার থেকে বোলার কম-বেশি সকলেই যথেষ্ট ছন্দে রয়েছেন। অন্যদিকে রজত পাতিদারের ব্যাঙ্গালুরু দলও গতবারের সাফল্য ধরে রেখে শেষ দুই ম্যাচে যথেষ্ট ভালো ক্রিকেট উপহার দিয়েছেন দর্শকদের। সবমিলিয়ে শুক্রবার একটা টান-টান উত্তেজনাপূর্ণ ভালো লড়াই দেখার আশায় ক্রিকেট প্রেমীরা।
শামি-পন্থদের লখনউর বিরুদ্ধেও এবার ঘরের মাঠে কঠিন পরীক্ষা নাইটদের! আপাতত নেই মাথিশা পাথিরানা
