ময়দান আপডেট: আইপিএলের আসরে এবার যেন অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। কে আটকাবে তাদের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলের অন্দরমহলে। ৪ ম্যাচে খেলে ৪ ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রাজস্থান। বহু বছর পর এবার যেন আইপিএল জয়ের অন্যতম দাবিদার হয়ে রয়েছে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া রাজস্থান। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধেও ১২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান। ইয়ং স্টার বৈভব সূর্যবংশীর দাপট অব্যাহত। এদিন আবারও ব্যাট হাতে সুপার সাইক্লোন তোলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সি আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠতম ক্রিকেটার বৈভব প্রত্যেক ম্যাচেই নিজের প্রতিভা নতুন করে মেলে ধরছেন। আর তিনিই যে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটার দলের অন্যতম তারকা হয়ে উঠতে পারেন তা বুঝিয়ে দিচ্ছেন ব্যাট হাতে। রাজস্থানের জার্সিতে বিরাটের আরসিবির বিরুদ্ধে করলেন ২৬ বলে ৭৮ রান। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ৭ টা ছয়। পাশাপাশি ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন রাজস্থান দলের অধিনায়ক ধ্রুব জুরেল। তিনিও ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

রজত পাতিদারের ৬৩ রানের সৌজন্যে আরসিবি ৮ উইকেটে তুলেছিল ২০১ রান। আর সেই রান ১৮ ওভারেই তুলে দেয় রাজস্থান। ফলে তাদের চতুর্থ ম্যাচ জয় নিশ্চিত করল তারা।

পাশাপাশি উল্লেখ্য, বল হাতেও রাজস্থান দলে প্রত্যেক ম্যাচে নজর কাড়ছেন ভারতীয় তারকা স্পিনার রবি বিষ্ণোই। এদিনও ২ উইকেট তুলে নেন তিনি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে পার্পেল ক্যাপের অন্যতম দাবিদার যে তিনি তা বলা যেতেই পারে।

আর রাজস্থান রয়্যালসের এর পরের প্রতিপক্ষ অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে রাজস্থান। তবে বর্তমানে যে রকম ছন্দে রয়েছে গোটা রাজস্থান দল, তাতে হায়দরাবাদের বিরুদ্ধেও জয় নিয়ে আশাবাদী রাজস্থান।
ইডেনে ক্রিকেটের নন্দনকাননে নয়া নজির মুকুল চৌধুরীর, হারের ধারা অব্যাহত নাইটদের
