ময়দান আপডেট: সোমবার আইপিএলে দিল্লির ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই দুই দলের শেষ ৫ বারের সাক্ষাতে দিল্লি জয়ী হয়েছে তিনবার, আরসিবি দুইবার। এর মধ্যে এই মরসুমেই আইপিএলে মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালুরুর মাঠে এই দুই দল। সেই ম্যাচে আরসিবির ঘরের মাঠে বিরাটদের হারিয়ে ৬ উইকেটে জয় লাভ করে দিল্লি। ফলে এবার দিল্লির ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে বদলা নিতে মরিয়া কোহলিরা। আর বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যাচ্ছে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। তারা ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচে জিতেছে, হেরেছে ২ ম্যাচ। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোহলিরা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ৭ ম্যাচে ৩ টে জয়, ৪ ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ৬-নম্বর স্থানে। আরসিবি নিজেদেরে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে একটা ভালো জয় ছিনিয়ে নিয়েছে। দুরন্ত ছন্দে রয়েছেন কিং কোহলি। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রানের একটা নজরকাড়া ইনিংস দলকে উপহার দিয়েছেন কোহলি। ওই ম্যাচে সাঁই সুদর্শনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৫ রান তোলে গুজরাত। আর জবাবে কোহলি ও দেবদূত পাড্ডিকালের লড়াইয়ে ভর করে ১৮ ওভার ৫ বলেই ম্যাচ জিতে নেয় আরসিবি।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ভালো ব্যাটিং করেও, শেষ রক্ষা করতে পারল না। আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল দিল্লি-পঞ্জাব ম্যাচ। কারণ একটি ম্যাচে ওঠে ৫২৯ রান! প্রথম ব্যাট করে ২ উইকেটে দিল্লি তোলে ২৬৪ রান। ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। টি-২০ ক্রিকেটে নয়া নজির রাহুলের। তাঁর ইনিংসে ছিল ১৬ টা চার ও ৯ টা ছয়। ৪৪ বলে ৯১ রান করেন নীতীশ রানা। পাহাড় প্রমাণ এত বিরাট স্কোর করেও ম্যাচ জিততে পারল না দিল্লি। পঞ্জাব কিংস ১৮ ওভার ৫ বলে, ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। ২৬ বলে ৭৬ রান করেন প্রভসিমরন সিং। ৩৬ বলে ৭১ রান করেন শ্রেয়স আইয়ার। তবে এই ম্যাচ প্রমাণ করে দিল আগামী দিনে ৫০ ওভারের ক্রিকেট নয়, ২০ ওভারের ক্রিকেটেও ৩০০ রান পার করে দেওয়া সম্ভব। একদিকে হাইস্কোরিং ম্যাচের প্রতিযোগিতার লড়াইয়ে প্রতিদিন নতুন রেকর্ড যেমন তৈরি হচ্ছে, ঠিত তেমনি এত আক্রমণাত্বক ক্রিকেটে ভবিষ্যতে লাল বলের টেস্ট বা ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট রঞ্জি ট্রফির অস্বিত্ব সংকট দেখা দেবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে! তবে এই ম্যাচে জয়ের সুবাদে পঞ্জাব কিংস চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত। ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচ জয়, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে।
ব্যর্থ সুর্দশনের সেঞ্চুরি! কিং কোহলির দাপটে দুর্দান্ত জয় আরসিবির
