ময়দান আপডেট: আইএসএলে পয়েন্ট টেবিলে মোহনবাগান ছিল এক নম্বর স্থানে। কিন্তু শুক্রবার জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ২-০ গোলে এফসি গোয়াকে হারিয়ে জয় লাভ করে জামশেদপুর এফসি। আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল জামশেদপুর। এদিন ম্যাচের শুরুতেই ৬ মিনিট নাগাদ জামশেদপুরে প্রবল বৃষ্টি শুরু হওয়ায়, বেশ কিছু সময়ের জন্য ম্যাচ স্থগিত রাখা হয়। তবে বৃষ্টি থামলে, আবারও খেলা শুরু হয়। গোটা ম্যাচ জুড়ে দুই দলই ঘন-ঘন আক্রমণ-প্রতি আক্রমণে যাচ্ছিল। তবে খেলার ৮২ মিনিটে জামশেদপুরের হয়ে গোল করেন তাচিকাওয়া ও ৯৬ মিনিটে খেলার শেষ মিনিটে জামশেদপুরের হয়ে আরও একটি গোল করেন মাদিহ তালাল। ফলে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় জামশেদপুর। তবে জামশেদপুর ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে উঠে এল প্রথম স্থানে। অন্যদিকে সবুজ-মেরুন বাহিনী তারা ২ ম্যাচ কম খেলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এফসি গোয়া তারা এদিন হারলেও ১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। আর মোহনবাগান সুপার জায়েন্টসের পরের ম্যাচ আগামী ৯ মে বিকেল ৫ টা থেকে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে। ফলে ওই ম্যাচে মোহনবাগান জয় পেলে তারা আবারও পয়েন্ট টেবিলে শীর্য স্থানে উঠে আসবে। তাছাড়া মোহনবাগানের সামনে এখনও বাকি রয়েছে ৪ টি ম্যাচ। এফসি গোয়া, ইন্টারকাশি, ইস্টবেঙ্গল ও স্পোর্টিং ক্লাব দিল্লি। অন্যদিকে জামশেদপুর ও গোয়ার ১১ টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ফলে তাদের বাকি আর মাত্র দুটি করে ম্যাচ। মুম্বই সিটির বাকি ৩ টি ম্যাচ। ফলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে রয়েছে মোহনবাগান। ফলে আইএসএল চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের দখলে রাখতে মরিয়া সার্জিও লোবেরার দল। তাই লোবেরার দলের এখন পাখির চোখ আগামী ৯ তারিখ পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ৩ পয়েন্ট ঘরে তোলা।

গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে নামার আগে দীর্ঘ সময়ের বিরতি পেয়েছে সবুজ-মেরুন বাহিনী। কারণ তারা নিজেদের শেষ ম্যাচ খেলেছিল গত ১৯ এপ্রিল গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেই সেই ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে মোহনবাগান। ফলে ২০ দিনের বিরতি কাটিয়ে ৯ মে নিজেদের পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন বাহিনী। নর্থ-ইস্টের বিরুদ্ধে ম্যাচের পর কিছুদিন বাড়িতে ছুটি কাটিয়ে আবারও চূড়ান্ত অনুশীলন সারছে দল। পাশাপাশি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে মোহনবাগান শিবিরে স্বস্তির খবর চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন অ্যালবার্তো রদরিগেজ। তিনি পঞ্জাব ম্যাচে চোট পেয়ে দলের বাইরে চলে যান। ফলে নর্থ-ইস্ট ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বৃহস্পতিবার থেকে বল পায়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা যাচ্ছে রদরিগেজকে। অন্যদিকে আপুইয়া চোট সারিয়ে অনেকটা ফিট হলেও, এখনও পর্যন্ত দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন না তিনি। তবে মনে করা হচ্ছে হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আপুইয়া। কোচ লোবেরা আশাবাদী গোয়া ম্যাচে মোহনবাগান দলে দেখা যাবে রডরিগেজের পাশাপাশি আপুইয়াকেও। এছাড়া চোট রয়েছে আশিস রাইয়ের। মনে করা হচ্ছে তাঁর সম্পূর্ন সুস্থ হয়ে উঠতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। ফলে গোয়াতে আশিস রাইকে হয়তো দেখা যাবে না। এছাড়া দলের অন্যান্য ফুটবলাররা জোরকদমে দলের সঙ্গে অনুশীলন করছেন।

আর শেষ ম্যাচে রবসনের কাছ থেকে গোল পেয়েছে মোহনবাগান। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে রবসনের উপরও অনেকটাই তাকিয়ে থাকবেন সমর্থকরা। পাশাপাশি জেমি ম্যাকলারেন পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে আবারও গোলে ফিরেছেন। সেই ক্ষেত্রে সমর্থকরা ম্যাকলারেনের কাছে আরও গোলের প্রত্যাশা করছেন। সবমিলিয়ে আইএসএলে লিগ জয়ের দৌড়ে নিজেদের জায়গা নিশ্চিত করতে আগামী ৯ তারিখ গোয়ার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের জন্য। আগামী ২ টি ম্যাচে লোবেরার জয় পেলে ১৭ মে ডার্বির আগে অনেকটাই নিশ্চিন্ত মনে খেলতে নামতে পারবে দল তা বলা যেতেই পারে। সেই কারণে এই একটা সপ্তাহ পুরোদমে দলের ফুটবলারদের অনুশীলনে সম্পূর্ন ঝালিয়ে নিচ্ছেন সার্জিও লোবেরা। ৩ পয়েন্ট পাওয়া ছাড়া আর কোনও কিছুই ভাবছেন না মোহনবাগান কোচ। ফিটনেসের পাশাপাশি আক্রমণাত্বক ফুটবলের উপর বেশি জোর দিচ্ছেন লোবেরা। কারণ গোল পার্থক্যে মোহনবাগান অনেকটাই এগিয়ে থাকলেও, নিজেদের গোল পার্থক্যে আরও ভালো জায়গায় তুলে নিয়ে যেতে পারলে লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাবে। ফলে বেশি গোলের ব্যবধানে গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া সবুজ-মেরুণ ব্রিগেড।
হিজ্জেজারির জোড়া গোল, ৩-০ গোলে ওড়িশাকে হারিয়ে লিগ টেবিলে চারে ইস্টবেঙ্গল
