সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: সোমবার আইএসএলে লিগ টেবিলে সাত নম্বরে থাকা পঞ্জাব এফসির বিরুদ্ধে এক নম্বরে থেকে খেলতে নামে ইস্টবেঙ্গল এফসি। নিজেদের শেষ ম্যাচে মুম্বই এরিনায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জয় লাভ করে লাল-হলুদ বাহিনী। ফলে এই ম্যাচের আগে দুর্দান্ত ছন্দে থেকেই খেলতে নামে ইস্টবেঙ্গল। উল্লেখ্য এদিন ইস্টবেঙ্গল জার্সিতে ৫০ তম ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজোঁ। এদিন প্রথম একাদশে ইউসুফ ইজ্জেজারি ও পিভি বিষ্ণুকে আক্রমণ ভাগে রেখে দল সাজান অস্কার। মাঝ মাঠে মিগুয়েল, শৌভিক, বিপিন ও রশিদকে রাখা হয়। এদিন ম্যাচের শুরুতেই ৬ মিনিটে পঞ্জাব এফসির স্প্যানিস ফুটবলার ড্যানিয়েল রামিরেজের শট পোস্টের ধার ঘেষে বেরিয়ে যায়। অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট হয়। ১২ মিনিটে বিষ্ণুর বাড়ানো বলে গোলের সুযোগ চলে আসে বিপিনের সামনে, যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ১৫ মিনিটে রামিরেজকে ফাউল করায় হলুদ কার্ড দেখানো হয় শৌভিক চক্রবর্তীকে। ২২ মিনিটে শৌভিকের জায়গায় নামানো হয় জিকসনকে। ২৬ মিনিটে আবারও পঞ্জাবের হয়ে দূরপাল্লার শটে আক্রমণ করেন ড্যানিয়েল রামিরেজ, যদিও পোস্টের পাশ দিয়ে বল বেরিয়ে যায়। ৩০ মিনিটে মিগুয়েলের শটে গোলের সুযোগ থাকলেও, সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বিপিন সিং। ৩১ মিনিটে রিকি জনকে ফাইল করায় হলুদ কার্ড দেখানো হয় মহম্মদ রশিদকে।

মৃন্ময় গুপ্ত, চিত্র সাংবাদিক
৪০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আলির একটি ভালো প্রচেষ্টা দেখা যায়। যদিও শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। খেলাপ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হলুদ কার্ড দেখানো হয় মিগুয়েলকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও আক্রমণের ঝাঁঝ বাড়াতে দেখা যায় পঞ্জাব এফসিকে। বেশ কয়েকটা ভালো আক্রমণে উঠতে থাকেন পঞ্জাবের ফুটবলাররা। ৫৩ মিনিটে পঞ্জাবের হয়ে গোলের সুযোগ তৈরি করেন শামি, তবে প্রতিহত করে দেন প্রভসুখন গিল। ৫৯ মিনিটে সমীর জেলকোভিচের শট দুর্দান্ত ভাবে রুখে দেন গোলকিপার প্রভসুখন গিল। ৭৫ মিনিটে মিগুয়েলের দূরপাল্লার শটে দুর্দান্ত গোলের সুযোগ তৈরি হয়। তবে বল পোস্টে ধাক্কা লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন ইস্টবেঙ্গলের। বিষ্ণুর জায়গায় নামেন নন্দাকুমার শেখর এবং ইউসুফ ইজ্জেজারির জায়গায় নামানো হয় অ্যান্টন সোজবার্গকে, আনোয়ারের জায়গায় মাঠে আসেন জয় গুপ্তা।

উল্লেখ্য, এদিন আক্রমণ থেকে ডিফেন্সে দুর্দান্ত ফুটবল উপহার দেন পঞ্জাবের ফুটবলাররা। ইস্টবেঙ্গলের দ্বিতীয়ার্ধে আক্রমণ রুখে দেন পঞ্জাবের ফুটবলাররা। ৮৪ মিনিটে মিগুয়েল একটি দূরপাল্লার দুর্দান্ত শট নেন, তবে গোল আসেনি। ৯০ মিনিটে রশিদের একটি দুর্দান্ত দূরপাল্লার শট গোল পোস্টের বারে লাগে, যদিও বল রুখে দেন পঞ্জাবের গোলরক্ষক অর্শদীপ সিং। অল্পের জন্য গোল আসেনি বলা যেতেই পারে। এরপর ম্যাচের অতিরিক্ত ৫ মিনিট সময়েও দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করতে থাকে। যদিও গোল আসেনি। খেলার একদম শেষে ৯৪ মিনিটে জয় গুপ্তার শট মিগুয়েলের গায়ে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য ভাবেই এদিন ম্যাচ শেষ হল ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসির মধ্যে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল দুই পয়েন্ট নষ্ট করায়, অনেকটাই সুবিধা হল মোহনবাগানের জন্য। কারণ ইস্টবেঙ্গল ১১ ম্যাচে ২২ পয়েন্ট, যদিও তারা লিগ টেবিলের শীর্ষেই রয়েছে। কিন্তু মোহনবাগান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আগামিকাল তারা খেলবে ইন্টারকাশির মতো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে মঙ্গলবার মোহনবাগান জয় পেলে তারা ২৪ পয়েন্ট নিয়ে খেলতে নামবে ডার্বিতে। অন্যদিকে ইস্টবেঙ্গল ডার্বিতে নামবে ২২ পয়েন্ট নিয়ে। ফলে অনেকটাই চাপ বাড়ল কোচ অস্কার ব্রুজোঁর।
গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ২ পয়েন্ট নষ্ট করে চাপে মোহনবাগান, মঙ্গলবার প্রতিপক্ষ ইন্টারকাশি
