Thursday, July 16, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলডার্বির ডাগআউটে মহাযুদ্ধের দামামা! একদিকে গ্রিক চাণক্য প্যানোস, অন্যদিকে লাল-হলুদের ত্রাতা হাবাস

ডার্বির ডাগআউটে মহাযুদ্ধের দামামা! একদিকে গ্রিক চাণক্য প্যানোস, অন্যদিকে লাল-হলুদের ত্রাতা হাবাস

ইস্টবেঙ্গল এফসির নতুন প্রধান কোচ হিসেবে পুনরুত্থান ঘটল ভারতীয় ফুটবলের সফলতম স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের।

প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট: কলকাতা ফুটবল ময়দানে দল বদলের মস্ত বড়ো এক ধামাকা! আসন্ন মরসুম শুরুর আগেই ডার্বির পারদ চড়তে শুরু করেছে দুই প্রধানের ডাগআউটে। একদিকে মোহনবাগান সুপার জায়ান্টের হট সিটে বসছেন গ্রিক চাণক্য পানোস, অন্যদিকে গত মরসুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করানোর পরেও অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ছেড়েছেন। ফলে অস্কারের জায়গায় এবার লাল-হলুদের মসনদে কোচের দায়িত্বে অতি পরিচিত সফল ক্রফটসম্যান আন্তোনিও লোপেজ হাবাস।

মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ হিসেবে এক বছরের চুক্তিতে অফিশিয়ালি সই করলেন ৫১ বছরের গ্রিস কোচ পানাজিওতিস দিলমপেরিস। পঞ্জাব এফসির কোচের দায়িত্বে ছিলেন গ্রিসের এই কোচ। গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। গত মরসুমে পঞ্জাব এফসির তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন ও তরুণ দল নিয়েও তাঁর আধুনিক, আক্রমণাত্মক অথচ ভারসাম্যপূর্ণ ফুটবল দর্শন নজর কেড়েছিল ভারতীয় ফুটবল মহলের। এবার কলকাতার ঐতিহ্যবাহী ও তারকাখচিত সবুজ মেরুন স্কোয়াডের দায়িত্ব নিয়ে প্যানোস স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, তাঁর সাফল্যের মূল চাবিকাঠি হতে চলেছে নিখুঁত শৃঙ্খলা, সঠিক মানসিকতা ও সাহসিকতা। “মোহনবাগান ক্লাবের কোটি কোটি সমর্থকদের চাপ কিভাবে সামলাবেন” এই প্রশ্নের উত্তরে তিনি জানান “একটি কথা আছে, ‘Pressure is a privilege’ (চাপ একটি বিশেষ সুযোগ)। বিশ্বের সব বড়ো ক্লাবেই প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং সেটাই স্বাভাবিক। মোহনবাগান সমর্থকদের এই আবেগই ক্লাবের অন্যতম প্রধান শক্তি। আমরা হয়তো প্রতি সপ্তাহে জয়ের প্রতিশ্রুতি দিতে পারব না, কিন্তু আমরা এমন একটি দল হয়ে উঠতে চাইব যারা সাহসিকতা, শৃঙ্খলা এবং প্রতিটি ম্যাচ জেতার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামবে ও লড়াই করবে। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মুখোমুখি হতে হবে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বির। এই মেগা ম্যাচ নিয়ে গ্রিক কোচের ধারণা অত্যন্ত পরিষ্কার ও পেশাদার। তিনি জানান, “ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটি। এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা উপায় কেবল আবেগ নয়, বরং চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা। আমরা প্রতিপক্ষকে সম্মান করব, তবে একই সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা নিয়ে এই ডার্বি জিততেও চাইব।” তাঁর মূল লক্ষ্য অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ট্রফির জন্য লড়াই করা।

এদিকে মোহনবাগানে কোচ বদলে খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। ময়দানে এক নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে ইস্টবেঙ্গল এফসির নতুন প্রধান কোচ হিসেবে পুনরুত্থান ঘটল ভারতীয় ফুটবলের সফলতম স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। গত মরসুমে দীর্ঘ ২২ বছর পর ইস্টবেঙ্গলকে দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন করার এক অভাবনীয় কীর্তি গড়েছিলেন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু ইনভেস্টর ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতবিরোধের জেরে চ্যাম্পিয়ন করার পরেও তিনি পদ থেকে ইস্তফা দেন। ব্রুজোঁর বিদায়ের পর থেকেই হাবাসের লাল হলুদে আগমন নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল।  যা অবশেষে সত্যি করলো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। গত শনিবার লাল হলুদ শিবিরের পাঠানো অফিশিয়াল চুক্তিপত্রে সই করেছেন হাবাস। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর এই প্রবীণ কোচ জানান, এই ঐতিহাসিক ক্লাবে যুক্ত হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। অত্যন্ত উৎসাহ ও দায়িত্ববোধ নিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে এই ক্লাবের প্রতীককে (লোগো) গর্বের সঙ্গে বুকে ধারণ করা এবং একসঙ্গে লড়াই করে ক্লাবের লক্ষ্য ও স্বপ্নপূরণ করা। খুব শীঘ্রই কলকাতায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular