ময়দান আপডেট: ২০২৬ সালে এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে কেবলমাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে জুন মাসে আয়োজিত একমাত্র টেস্ট ম্যাচে ভারত জয় পায় ৩০০ রানের বিরাট ব্যবধানে। টি-বিশ্বকাপ জয়, আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর আইপিএলে ব্যস্ত ছিল ভারতীয় ক্রিকেটাররা। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টি-২০ থেকে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার চূড়ান্ত ব্যস্ততা! তবে এরপর জিম্বাবোয়ের মাটিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজে জয় পায় ভারত। ফলে এককথায় বলা যেতে পারে ২০২৬ সালে এখনও পর্যন্ত লাল বলের টেস্ট ক্রিকেটে বিদেশ সফর করেনি ভারতীয় দল। বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের পরিসংখ্যান মোটেও সুবিধাজনক নয়। এমনকি ২০২৫ সালে দেশের মাটিতে টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের সম্মুখহীন হয়েছিল টিম ইন্ডিয়া। ফলে টেস্ট ক্রিকেটে বিদেশ সফরে ভারতীয় দলের কাছে সাফল্য পাওয়া এখন বড় চ্যালেঞ্জ। এই বছর শ্রীলঙ্কার মাটিতে প্রথম দেশের বাইরে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। আগামী ১৫ অগস্ট থেকে ১৯ অগস্ট পর্যন্ত প্রথম টেস্ট খেলবে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল। এরপর ২৩ থেকে ২৭ অগস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। আর এই সিরিজে নিজেদের সাফল্য ছিনিয়ে নিতে মরিয়া গৌতম গম্ভীরের বাহিনী।

তবে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এই টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের চিন্তা বাড়াল যশপ্রীত বুমরাহের চোট নিয়ে। দিন দুয়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তার সূত্রে জানা গিয়েছিল বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। শ্রীলঙ্কায় খেলতে পারবেন। তবে রবিবার সূত্র মারফৎ খবর শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন না বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের সময় চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি। মনে করা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সমস্যা হবে না তাঁর। কিন্তু মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তাঁর খেলা অনিশ্চিত। ফলে বিকল্প হিসাবে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন এই বছরের রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরকে চ্যাম্পিয়ন করতে অন্যতম বড় ভূমিকা নেওয়া দলের ফাস্ট বোলার আকিব নবি দার। এবারের রঞ্জি ট্রফিতে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছেন আকিব নবি। ফলে মনে করা হচ্ছিল খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার টেস্ট দলে সুযোগ পাবেন তিনি। আর এবার সেটাই সত্যি হতে চলেছে।

বারামুলার জোরে বোলার এখনও দেশের জার্সি গায়ে কোনও ম্যাচ খেলেননি। তবে গত দু’মরসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছেন। গত বছর রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ২৯ বছরের বোলার। তাঁর পারফরম্যান্সে খুশি নির্বাচকেরা। বুমরাহের পরিবর্ত হিসাবে আকিবকে শ্রীলঙ্কায় পাঠানো হতে পারে। দিল্লি ক্যাপিটালসের বোলার ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন। তাঁর উপর অনেকটাই প্রত্যাশা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবমিলিয়ে এখন দেখার নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার মাটিতে কতটা নিজেদের সাফল্য দেখাতে পারেন শুভমান-রাহুল-পন্থ-জাদেজাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
পিভি বিষ্ণুর অনবদ্য হ্যাটট্রিক, ৮ গোলে জয় লাল-হলুদ ব্রিগেডের
