প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : ভারতীয় ফুটবল ঘিরে জটিলতার মেঘ কাটছেই না। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ দেরিতে গড়ালে টুর্নামেন্টের আকার ছোট করতে বাধ্য হয়েছিল আয়োজকেরা। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে মাত্র একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল।
চলতি মরসুমেও সেই একই আশঙ্কার পুনরাবৃত্তি হতে চলেছে। ৪ সেপ্টেম্বর খেলা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও তা পিছিয়ে মাঝ অক্টোবরে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অক্টোবরের শুরুতে ভারতীয় জাতীয় দল ব্রাজিলের মুখোমুখি হওয়ার কারণেই এই সময়সূচির পরিবর্তন। খেলার দিনক্ষণ ছাড়াও টিভি সম্প্রচার নিয়ে বড়সড় প্রশ্নের মুখে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
অ্যাপের মাধ্যমে ফ্যানকোড ম্যাচ দেখালেও স্যাটেলাইট টেলিভিশনে খেলা দেখানোর জন্য এগিয়ে আসেনি কোনও প্রধান স্পোর্টস চ্যানেল। দরপত্রের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সোনি বা জ়ির মতো বড় নেটওয়ার্ক দর না হাঁকানোয় টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সম্প্রচারক খুঁজে পেতে চূড়ান্ত বিপাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
