Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলযুবভারতী পরিদর্শনে সন্তুষ্ট হলেও ঘাসের ঘনত্ব নিয়ে উদ্বেগ ব্রাজিলের প্রতিনিধি দলের

যুবভারতী পরিদর্শনে সন্তুষ্ট হলেও ঘাসের ঘনত্ব নিয়ে উদ্বেগ ব্রাজিলের প্রতিনিধি দলের

বৃহস্পতিবার বিকালে যুবভারতী পরিদর্শনে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল, মাঠের ঘাসের ঘনত্ব কম থাকায় ফুটবলারদের চোট-আঘাত লাগতে পারে জানিয়েছেন

                       প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক প্রদর্শনী ম্যাচ খেলতে নামবে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজ়িল, আর এই মেগা আয়োজনের আন্তর্জাতিক মান ও সার্বিক পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ সল্টলেকে এসে পৌঁছায় ব্রাজ়িল পুরুষ দলের পর্যবেক্ষক সের্জিয়ো দিমাস দে অলিভিয়েরার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল। ভিনিসিয়াস বারোজ়ো কোস্তা, হোসে ভিটর সেনাতোরে দে লা পাউলা লিমা, গিলেরমে পাসোস রামোস ও ব্রুনো মাজ়েই রেইসকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদলটি যুবভারতীতে পা রাখলে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে “ফুটবলের মক্কায় স্বাগত” জানান। তাঁদের সাথে উপস্থিত থেকে পুরো স্টেডিয়াম ঘুরিয়ে দেখান ভারতের প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে ১৫ মিনিট ধরে অনুশীলনের মাঠ পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে মূল মাঠের প্রতিটি কোনা নিখুঁতভাবে পরীক্ষা করার পাশাপাশি সাজঘর, শৌচাগার এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় পরিকাঠামো গভীরভাবে খতিয়ে দেখেন। তবে মূল পিচ এবং অনুশীলন মাঠ উভয় জায়গার ঘাসের ঘনত্ব নিয়ে ব্রাজিলীয় কর্মকর্তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং ম্যাচের আগে ঘাসের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করার নির্দেশ দিয়েছেন, যার পরিপ্রক্ষিতে আয়োজক তথা স্টেডিয়াম কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান যে গত মাস থেকে একের পর এক ম্যাচ চলায় ঘাস কিছুটা কমেছে এবং আগামী ২৩ আগস্ট ডুরান্ড কাপ শেষ হওয়ার পরেই পিচকে পুনরায় আগের উন্নত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়াও ব্রাজিলের প্রতিনিধিরা মূল খেলোয়াড়দের ড্রেসিং রুমের পাশাপাশি কোচিং স্টাফ, ফিজিওথেরাপিস্ট ও কিট ম্যানেজারদের জন্য পৃথক কক্ষের অনুরোধ জানিয়েছেন, যার ফলে আয়োজকদের দুটি ড্রেসিং রুমের ব্যবস্থা করতে হচ্ছে, এবং ব্রাজিলের দলটির সম্ভাব্য আবাসন হিসেবে স্টেডিয়ামের কাছের দুটি পাঁচতারা হোটেলও তাঁরা পরিদর্শন করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে প্রতিনিধিরা সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করলেও প্রয়োজনে ম্যাচের আগে আরও একবার পরিদর্শনের জন্য কলকাতায় ফেরার ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহালয়ার ঠিক আগেই হতে চলা এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে অতীতে লিওনেল মেসির সফরের মতো পরিস্থিতি এড়াতে মাঠে ও মাঠের বাইরে ফুটবলার ও সমর্থক উভয়ের জন্যই মসৃণ ও সর্বাধুনিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular