প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : চলতি মরসুমে খাতায়-কলমে ১৪টি দলের কথা উল্লেখ থাকলেও, শেষ পর্যন্ত ১৩টি দলকে নিয়েই আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। গত বার আইলিগ জিতে এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি। তবে শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১ কোটি ১০ লক্ষ টাকা জমা দিতে ব্যর্থ হয় তারা। ফলে এই মরসুমে তাদের মাঠে নামার অনুমতি মেলেনি।
দলসংখ্যা কমে যাওয়ায় অবনমন প্রক্রিয়া নিয়ে অন্যান্য ক্লাবগুলি প্রশ্ন তোলে। এর জবাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারকে কোনো ছাড় দেওয়া হবে না। গোটা মরসুম জুড়ে তাদের পয়েন্ট তালিকার একদম শেষে রাখা হবে। ফলে শূন্য পয়েন্ট নিয়েই তারা মরসুম শেষ করবে এবং নিয়ম মেনে পরের মরসুমে তাদের পুনরায় আইলিগে ফিরে যেতে হবে। এই বিষয়ে এআইএফএফের সহ সচিব এম সত্যনারায়ণ ক্লাবগুলিকে ইমেল পাঠিয়ে অবনমনের নিয়ম অপরিবর্তিত থাকার কথা জানিয়ে দিয়েছেন। তবে ম্যাচের মূল সূচিতে তাদের নাম রাখা হবে নাকি বাদ দিয়ে শূন্য পয়েন্ট দেখানো হবে, সে বিষয়ে ফেডারেশন এখনও স্পষ্ট কিছু জানায়নি।
সম্ভবত ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের প্রীতিম্যাচ শেষ হওয়ার পর, আগামী ১০ অক্টোবর থেকে এবারের আইএসএল মরসুম শুরু হতে চলেছে। গত বার মাত্র একটি লেগে খেলা হলেও, এবার প্রথাগত হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফুটবল ম্যাচগুলি আয়োজিত হবে। লিগ তালিকার শীর্ষে থাকা দল পাবে লিগ-শিল্ড, আর প্রথম ছয়টি দলের মধ্যে হবে আসল আইএসএল ট্রফি জয়ের লড়াই। এর পাশাপাশি এক চরম শাস্তির মুখে পড়েছে গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স। ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির নির্দেশের পর এআইএফএফ সার্কুলার জারি করে চার্চিল ব্রাদার্সের রেজিস্ট্রেশন বাতিল করেছে। এর ফলে নতুন কোনো ফুটবলারকে দলে সই করাতে পারছে না তারা, যা আসন্ন মরসুমে গোয়ার এই ক্লাবের দল গঠনের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করেছে।
