প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতা ফুটবল লিগের গ্রুপ পর্বের রোমাঞ্চকর ম্যাচগুলি আগামী ৪ সেপ্টেম্বর সমাপ্ত হতে চলেছে। তবে ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৫টার বহুকাঙ্ক্ষিত কলকাতা ডার্বির দিকে, যা নানা টানা পোড়েনের পর বারাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রুপ পর্বের সমাপ্তির মুখে ইতিমধ্যেই সুপার সিক্স পর্বের ছটি স্থানের মধ্যে চারটি স্থানে দলগুলি নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে ‘এ’ গ্রুপে দুর্দান্ত পারফর্ম করেছে ভবানীপুর। তারা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জয় ও ৩টিতে ড্র করে মোট ২৭ পয়েন্ট অর্জন করে অপরাজিতভাবে সবার আগেই সুপার সিক্সের টিকিট কেটে নেয়।
একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। ১০টি ম্যাচ খেলে ৮টিতে জয় ও ২টি ড্রয়ের সৌজন্যে বর্তমানে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের বেশ ভালো শক্ত অবস্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আজ ইউনাইটেড কলকাতাকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থেকে তারা ডার্বি খেলতে নামবে। ডার্বির ফল যাই হোক না কেন, ইস্টবেঙ্গল অন্তত দ্বিতীয় স্থানে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে।মোহনবাগানের সুপার সিক্সে পৌঁছানোর পথটি কিছুটা ভিন্ন নাটকে ভরপুর ছিল। ১০ ম্যাচে ৭টি জয়, ১টি ড্র ও ২টি হারের পর শেষ দুটি ম্যাচের একটিতে জেতা তাদের জন্য অবশ্যম্ভাবী ছিল।
কিন্তু তাদের দ্বিতীয় শেষ ম্যাচে বেহালা এসএস দল না নামানোয় মোহনবাগান ওয়াকওভার পেয়ে যায় এবং ২২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে নিজেদের স্থান পাকা করে ফেলে। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে তিন প্রধানের আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। তারা ১০টি ম্যাচে ৬টি জয়, ৩টি ড্র এবং ১টি হারের ফলে ২১ পয়েন্ট সংগ্রহ করে এক ম্যাচ বাকি থাকতেই যোগ্যতা অর্জন করে।
এখনও পর্যন্ত সুপার সিক্সের দুটি স্থান ফাঁকা রয়েছে এবং এই দুটি স্পটের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে মূলত তিনটি দলের মধ্যে। প্রথমবার ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হয়ে সবাইকে চমকে দিয়েছে কোল ইন্ডিয়া। তারা ১০টি খেলায় ৫টি জয়, ৪টি ড্র ও মাত্র ১টি হারের পর ১৯ পয়েন্ট নিয়ে বাকিদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তালিকায় এর পরেই ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে ডিফেন্ডিং রানার্সআপ ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ক্যালকাটা পুলিশ। ১০টি ম্যাচে তাদের অর্জিত পয়েন্ট সমান হলেও বাকিদের পয়েন্ট খোয়ানোর উপর তাদের ভাগ্য নির্ভর করছে।
ইউনাইটেড স্পোর্টসকে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি প্রার্থনা করতে হবে যাতে কোল ইন্ডিয়া হেরে যায় অথবা ক্যালকাটা পুলিশ ড্র করে। একইভাবে, ক্যালকাটা পুলিশকেও তাদের শেষ ম্যাচে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জিততে হবে এবং কোল ইন্ডিয়া বা ইউনাইটেড স্পোর্টসের পয়েন্ট নষ্টের দিকে নজর রাখতে হবে। তবে ক্যালকাটা পুলিশের থেকে গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
