প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আইএফএ ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানকে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠায়। আইএফএ-র সেই আমন্ত্রণের পর সবুজ মেরুন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আইএফএকে আর্জি জানানো হয় যে, আইএফএ যে সময়সীমা আগে থেকে ঘোষণা করেছে সেই নির্ধারিত দিনক্ষণের মধ্যেই টুর্নামেন্ট যেন শেষ করা হয়। না হলে মোহনবাগানের জন্য সমস্যা তৈরি হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে পারে এই মরসুমের আইএসএল। সম্ভবত সেই কারণেই নির্ধারিত ৬ অক্টোবরের মধ্যে শিল্ড শেষ করার আর্জি জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কলকাতা ফুটবল লিগ শেষের মুখে এসে পৌঁছানোয় আইএফএ এই আসর আয়োজনের তোড়জোড় শুরু করেছে, যেখানে ইস্টবেঙ্গল ছাড়াও নতুন করে আমন্ত্রণ জানানো হয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, মহামেডান এসসি এবং এসসি দিল্লিকে; যদিও টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে কারা মাঠে নামবে তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ২০২১ সালের পর দীর্ঘ দিন বন্ধ থাকার পর ২০২৫ সালে পুনরায় সফলভাবে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। সেই আসরের ‘গ্রুপ এ’-তে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে হারায়, দ্বিতীয় ম্যাচে নামধারী ৩-০ গোলে হারায় শ্রীনিধিকে এবং শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে নামধারীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে।

অপরদিকে ‘গ্রুপ বি’-তে মোহনবাগান প্রথম ম্যাচে ৫-১ গোলে গোকুলাম কেরালাকে বিধ্বস্ত করে, দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ১-০ গোলে হারায় গোকুলামকে এবং শেষ ম্যাচে মোহনবাগান ২-০ গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ দারুণ দক্ষতায় জয় গুপ্তার পেনাল্টি শট আটকে দিলে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।
