সৌরভ রায়, ময়দান আপডেট
ময়দান আপডেট: গত দুই বছর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ২০২৩ সালে শেষবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং। আর এই বছর আবারও লিগ জয়ের সুযোগ রয়েছে সাদা-কালো বাহিনীর কাছে। তবে সোমবার কলকাতা লিগের সুপার সিক্সের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দিকেই ড্র করেছে দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। একদিকে মোহনবাগান তারা নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের কাছে ১-১ গোলে ম্যাচ ড্র করে। অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল তারা এক গোলে পিছিয়ে থেকেও, শেষ মুহূর্তে গোল করে মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে। ফলে বর্তমানে লিগ এখন সম্পূর্ণ ওপেন। অর্থাৎ শুধুমাত্র তিন প্রধান নয়, চতুর্থ দল হিসেবে ভবানীপুরের সামনেও লিগ জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমানে দুটি করে ম্যাচ খেলে মোহনবাগান ও মহামেডানের পয়েন্ট চার। গোল পার্থক্যে শীর্ষে মোহনবাগান। দ্বিতীয় স্থানে মহামেডান। অন্যদিকে দুই ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গলের পয়েন্ট দুই।

মঙ্গলবার সুপার সিক্সে ভবানীপুর মুখোমুখি হবে বারাকপুর স্টেডিয়ামে কোল ইন্ডিয়ার। ভবানীপুর তারা প্রথম ম্যাচে মহামেডানের কাছে দুই গোলে হেরেছে। কিন্তু এখনও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ভবানীপুরের সামনে। তার কারণ ভবানীপুর যদি নিজেদের পরবর্তী দুটি ম্যাচে অর্থাৎ কোল ইন্ডিয়া এবং ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় লাভ করে, তাহলে তাদের পয়েন্ট হবে ছয়। অন্যদিকে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং তারা নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে একে অপরের। ওই ম্যাচে যদি খেলা ড্র হয়, তাহলে মোহনবাগান ও মহামেডান শেষ করবে ৫ পয়েন্টে। আর ইস্টবেঙ্গল নিজেদের শেষ ম্যাচে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিতলেও তাদের পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যাবে ভবানীপুর। আবার যদি দেখা যায় মোহনবাগান ও মহামেডান ম্যাচে কোন একটি দল জয় লাভ করে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭। সেক্ষেত্রে সেই দল চ্যাম্পিয়ন হয়ে যাবে।

আবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে লাল হলুদ বাহিনীর সামনেও। কারণ যদি ভবানীপুর দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে হেরে যায়, অন্যদিকে মোহনবাগান মহামেডান ম্যাচ যদি ড্র হয়। পাশাপাশি ইস্টবেঙ্গল যদি নিজেদের শেষ ম্যাচে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে পাঁচ থেকে ছয় গোলের ব্যবধানে জয় লাভ করতে পারে, তাহলে ইস্টবেঙ্গল এর সামনেও চ্যাম্পিয়ন হওয়ার সামান্যতম হলেও সুযোগ রয়েছে। ফলে এখন যা পরিস্থিতি তাতে চার দলের সামনেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ফলে মঙ্গলবার যদি ভবানীপুর কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে যায়, তাহলে ১৯ তারিখে শনিবার একই দিনে একই সময়ে তিনটি আলাদা মাঠে ছয়টি দলের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। সম্ভবত সেক্ষেত্রে শনিবার মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ আয়োজিত হবে বারাসত স্টেডিয়ামে। ওই দিন ইস্টবেঙ্গল বনাম কোল ইন্ডিয়ার ম্যাচ হবে ইস্টবেঙ্গল মাঠে। আর ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ ওইদিনই অনুষ্ঠিত হবে সম্ভবত কল্যাণীতে। ফলে এখন দেখার শেষ পর্যন্ত এইবারের জমজমাট কলকাতা ফুটবল লিগে কারা করে বাজিমাৎ!
সুপার সিক্সের ঘরের মাঠে জয় হাতছাড়া মোহনবাগানের, কল্যাণীতে ড্র ইস্টবেঙ্গলের
