প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আইএফএ শিল্ড, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। ছয়টি ক্লাবকে দুইটি গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রথম গ্রুপ রাখা হয়েছে ইস্টবেঙ্গল এফসি, মহামেডান এসসি এবং পাঞ্জাব এফসিকে। অন্যদিকে দ্বিতীয় গ্রুপে জায়গা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হতে চলেছে বড়ো লড়াই। ২২ সেপ্টেম্বর দুপুর ৩টেয় প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হবে মহামেডান এসসি ও ইস্টবেঙ্গল এফসি। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে মহামেডানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এরপর ২৮ সেপ্টেম্বর প্রথম গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড।অপরদিকে দ্বিতীয় গ্রুপে ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে নিজেদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ২৬ সেপ্টেম্বর শ্রীনিধি ডেকান খেলবে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্টের মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড।
গ্রুপ পর্বের প্রতিযোগীতার সমস্ত ম্যাচই দুপুর ৩টে থেকে শুরু হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রত্যেক গ্রুপের দুটি সেরা দলগুলোকে নিয়ে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ, তবে কোন মাঠে হতে চলেছে সেটা এখনো জানা যায়নি। সেমিফাইনালে জয়ী দুই দলের মধ্যে আয়োজিত হবে খেতাবী লড়াইয়ের মেগা ফাইনাল। ফাইনালের দিনক্ষণ ও মাঠের নাম খুব শীঘ্রই বঙ্গ ফুটবল সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
