Saturday, October 17, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলকলকাতা লিগের বিতর্ক গড়াচ্ছে শিল্ডে। মহামেডান আউট, নতুন দল ক্যালকাটা কাস্টমস

কলকাতা লিগের বিতর্ক গড়াচ্ছে শিল্ডে। মহামেডান আউট, নতুন দল ক্যালকাটা কাস্টমস

ম্যাচ রি-প্লের দাবিতে অনড় সাদা-কালো শিবির, মারাদোনার গোলের উদাহরণ টেনে রি-প্লে খারিজ আইএফএর। মহামেডানের বদলে ক্যালকাটা কাস্টমস আইএফএ শিল্ডে।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : বারাসাত স্টেডিয়ামে আয়োজিত কলকাতা লিগের মেগা ডিসাইডার ম্যাচে, মোহনবাগানের জয়সূচক গোলটিকে কেন্দ্র করে তৈরি হওয়া অফসাইড বিতর্ক এখন ময়দানের প্রধান চর্চার বিষয়। এই বিতর্কিত গোলের প্রতিবাদ জানিয়ে আইএফএ-কে মেইল পাঠিয়েছিল মহামেডান স্পোর্টিং কর্তৃপক্ষ। তাদের স্পষ্ট দাবি ছিল, বিতর্কিত ম্যাচটির পুনরায় আয়োজন অর্থাৎ রি-প্লে না করা হলে তারা আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেবে না। কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বের কোনো নিয়মেই এই ধরনের পরিস্থিতিতে ম্যাচ রি-প্লে দেওয়ার বিধান নেই। ফুটবল ইতিহাসের বিখ্যাত মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের উদাহরণ তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন যে, সেদিনের সেই ভুলের পরও ইংল্যান্ডকে কিন্তু রি-প্লে ম্যাচ দেওয়া হয়নি। অনির্বাণ বাবু আরও জানিয়েছেন যে, অফসাইডের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আইএফএ বড়োজোর ম্যাচ লাইন্সমানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গ ফুটবল সংস্থার এই অনমনীয় অবস্থানের জবাবে আইএফএ-র সঙ্গে বৈঠকের পরও মহামেডান স্পোর্টিং নিজেদের পূর্ববর্তী বয়কট সংক্রান্ত সিদ্ধান্তেই অটল থাকে। মহামেডান সরে দাঁড়ানোয় ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি কি মাত্র পাঁচ দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে সাময়িকভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে আইএফএ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে যোগাযোগ করে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে উদ্ভূত সমস্যা সমাধানে বঙ্গ ফুটবল সংস্থা মহামেডানের পরিবর্তে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে এইবারের আইএফএ শিল্ডে খেলার আমন্ত্রণ জানিয়েছে, এবং ক্লাবের তরফ থেকেও সম্মতি এসেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল মঙ্গলবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে নামতে রাজি না হলেও, আইএফএ শিল্ডে খেলার সিদ্ধান্ত বজায় রেখেছে। তারা ইতিমধ্যেই সিনিয়র ও রিজার্ভ স্কোয়াড মিলিয়ে বিশাল ৫৩ জন ফুটবলারের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে লাল-হলুদ শিবির। এছাড়াও বঙ্গ ফুটবল সংস্থা নতুন নিয়ম এনেছে, সেখানে ছয়জন বিদেশি কে একসঙ্গে মাঠে নামানো যাবে। সব জটিলতা কাটিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে গ্রুপ বি-র লড়াইয়ে গত আসরের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং শ্রীনিধি ডেকান এফসি ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে চলেছে এবারের ঐতিহাসিক আইএফএ শিল্ডের। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular