প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : গত মরশুমে বেশ টালবাহানার পরে হাফ লিগ ফরম্যাটে শুরু হলো আইএসএল। কোনরকম কমার্শিয়াল পার্টনার পাওয়া যাচ্ছিলো না, এই মৌসুমেও শুরুর সময় জানানো হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে কোনোরকম পার্টনার না পাওয়ায় কিছু মাস পিছিয়ে দেওয়া হল আইএসএল শুরু হওয়ার তারিখ।
তারপরেই আগামী ১০ই অক্টোবর ২০২৬ ডাবল হেডার ম্যাচের মধ্য দিয়ে জমজমাটভাবে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইএসএল ২০২৬-২৭ মরসুম। এই টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে কিছুদিন আগে টেলিকাস্ট পার্টনার হিসেবে জি এন্টারটেইনমেন্টের নাম সামনে এসেছিল, কারণ এই কোম্পানি ইতিপূর্বে ভারতে সফলভাবে বিশ্বকাপ সম্প্রচার করেছে এবং ফিফার সাথে তাদের ২০৩৪ সাল পর্যন্ত চুক্তিও রয়েছে। এর পাশাপাশি এই কোম্পানি বেশ কিছু বিদেশী টুর্নামেন্টও টেলিকাস্ট করছে ভারতে। তবে নাটকীয় পট পরিবর্তনে শেষ মুহূর্তে সম্প্রচারের দৌড় থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়িয়েছে জি এন্টারটেইনমেন্ট। তাদের পরিবর্তে আইএসএলের নতুন টেলিকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় সম্প্রচার মাধ্যম সোনি স্পোর্টস।
এর ফলে ফুটবলপ্রেমীরা সোনি স্পোর্টস চ্যানেলের পাশাপাশি আইএসএলের অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মেও সরাসরি উপভোগ করতে পারবেন আইএসএলের ম্যাচগুলি। এদিকে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র আট দিন বাকি থাকায় টেলিকাস্ট পার্টনারের পর এবার যুক্ত হলো নতুন টাইটেল স্পন্সর। আইএসএলের নতুন টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা এমজি গ্রুপ। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যাচ্ছে যে, তারা আগামী দুই বছরের জন্য এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
এই দুই বছরের চুক্তির জন্য এমজি গ্রুপ আনুমানিক ২৫ কোটি টাকার কাছাকাছি অর্থ প্রদান করতে চলেছে। অর্থাৎ আইএসএলের নতুন নাম হয়েছে এমজি ইন্ডিয়ান সুপার লিগ। এই খবরের পর বলাই চলে ভারতীয় ক্লাব ফুটবলে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে।
