ময়দান আপডেট: ২০২৫ সাল মোটের উপর ভালোই গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। বিশেষকরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য তো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে ২০২৫ সাল। তার কারণ ২০২৫ সালে প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। যা দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঝুলন, মিতালিদের। আর তাই সত্যি করে দেখিয়েছে রিচা,হরমনপ্রীতরা। পাশাপাশি এই ২০২৫ সালেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। ফলে প্রত্যাশা করা হয়েছে এই বছর জাতীয় ক্রীড়া পুরস্কারে বেশ কিছু সম্মান প্রাপ্ত হবে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু বছরের শেষে নিরাশই থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তার কারণ এই বছর কোনও ক্রিকেটারের নাম জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়নি। ফলে এবার খেলরত্ন বা অর্জুন পুরস্কারের মনোনীতদের তালিকায় কোনও ক্রিকেটারের নাম নেই।

খেলরত্নের জন্য কমপাউন্ড তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম এবং হরমনপ্রীত ও স্মৃতির নাম নিয়ে অনেকক্ষণ আলোচনা করা হয়। বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তাঁদের নাম মনোনয়নের জন্য বিবেচনা করা হয়নি। ক্রিকেটারদের পারফরম্যান্সের জন্য কোনও নির্দিষ্ট পয়েন্ট সিস্টেম না থাকার কারণেই দু’জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। বোর্ডের এক সূত্র বলেছেন, “এ ধরনের ঘটনায় বিসিসিআইয়ের প্রস্তাবের উপর নির্ভর করে কমিটি। তবে এ বার বিসিসিআই সভাপতি বা সচিব কেউই কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটারের নাম কোনও জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব করেননি।” ফলে দেশের মহিলা ক্রিকেটার এতবড় সাফল্যের পরেও তাঁদের ব্রাত্য রাখার ঘটনায় রীতিমতো বিসিসিআই কেই কাঠগড়ায় তুলছে দেশের ক্রিকেট প্রেমীরা।
উল্লেখ্য শুধু এবার নয়, আগেরবারও বিসিসিআই থেকে কারও নাম পাঠানো হয়নি। ফলে সেবারও কোনও ক্রিকেটার জাতীয় ক্রীড়া দিবসে কোনও পুরস্কার পাননি। শেষবার ২০২৩ সালে মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তার আগে শচীন, এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলরত্ন পেয়েছেন। এবারের প্রস্তাবিত অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন ২৪ জন ভারতীয় ক্রীড়াবিদের নাম। মনোনীত হয়েছেন তিন বাঙালি ক্রীড়াবিদ। প্রণতি নায়েক, মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করা হয়েছে।
