ময়দান আপডেট: প্রত্যেক বছরই খেলার জগতে থাকে হাজারো চমক। ঠিক তেমনই ২০২৫ সালেও ক্রিকেটের ২২ গজে ভারতীয় ক্রিকেট থেকে বিশ্ব ক্রিকেটে এসেছে বহু সাফল্য-ব্যর্থতা থেকে রেকর্ড গড়া ও ভাঙার নজির। এমন কিছু ক্রিকেটের খবর যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে, আবার নয়া চ্যাম্পিয়ন বা তারকাকে খুঁজে পেয়েছে বিশ্ব ক্রিকেট। সবমিলিয়ে ২০২৫ সালে কেমন গেল ক্রিকেট জগত? সেই নিয়ে দেখে নেওয়া যাক “ফিরে দেখা ক্রিকেট ২০২৫”
1. ২০২৫ সালের শুরুটা মোটেও ভালো যায় নি ভারতীয় ক্রিকেটের। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২৪ সালের শেষ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে বছরের শুরুতেই ভরাডুবি টিম ইন্ডিয়ার। জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে সিডনিতে আয়োজিত পঞ্চম তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার ভারতের। ৩-১ এ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হার দিয়েই বছর শুরু হয় ভারতের। তবে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে ৫ টেস্টে ৩২ টা উইকেট নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হন যশপ্রীত বুমরাহ।( বর্ডার গাভাস্কার সিরিজে হার)

2. এরপর ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলতে নামে ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয় প্রথম টি-২০ ম্যাচ। জয় দিয়েই সফর শুরু হয় ভারতের। এরপর চেন্নাই, রাজকোট, পুনে ও মুম্বই পাঁচ টি-২০ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হয় সূর্যকুমার যাদবের দল। ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা হন বরুণ চক্রবর্তী। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে নাগপুর, কটক ও আমেদাবাদে আয়োজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ টে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নেয় অধিনায়ক রোহিত শর্মার দল। সিরিজের সেরা হন শুভমান গিল। (ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়)

3. ঘরোয়া ক্রিকেটের মরসুমে রঞ্জি ট্রফিতে ২০২৫ সালে অনবদ্য সাফল্য বিদর্ভ ও কেরালার। ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিফাইনালে গুজরাতকে হারিয়ে ফাইনালে ওঠে কেরালা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুম্বইকে হারিয়ে ফাইনালে ওঠে বিদর্ভ। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কেরালা ও বিদর্ভ। ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে লিড থাকায় কেরালাকে হারিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলা। ( রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ)

4. এরপর ফেব্রুয়ারি- মার্চ মাসে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সিরিজের প্রথম ম্যাচেই ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করে ভারত। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়েও জয় লাভ করে ভারতীয় দল। প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ফাইনালে জায়গা করে নেয় রোহিত শর্মার দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ৫০ রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ফাইনালে আবারও ৪ উইকেটে কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ভারত। ( চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের )

5. ২০২৫ সালের আইপিএলের ইতিহাসে নয়া চমক। ২২ মার্চ থেকে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এই বছরে ভালো সাফল্য উপহার দেয় পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো ডার্ক হর্স দলরা। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হয় পঞ্জাব ও আরসিবি। বিরাটের ব্যাঙ্গালুরু জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে এলিমেনেটারে গুজরাতকে হারিয়ে জয় লাভ করে মুম্বই। কোয়ালিফায়ার টু তে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএল ফাইনালে উঠে আসে পঞ্জাব কিংস। ফলে ৩ জুন ফাইনালে মুখোমুখি হয় আরসিবি ও পঞ্জাব। নতুন চ্যাম্পিয়নকে খোঁজে পাওয়ার অপেক্ষায় ছিল গোটা দেশ। কিন্তু ফাইনালে ১৭ বছর পর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয় কিং কোহলির। ৬ উইকেটে জিতে আইপিএল ট্রফি প্রথমবার ঘরে তোলে ব্যাঙ্গালুরু। তবে এই জয়ের পর আরসিবি সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও ব্যাঙ্গালুরুতে কোহলিদের ট্রফি নিয়ে সেলিব্রেশন দেখতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। যা আইপিএলের ইতিহাসে কালো অধ্যায় হিসাবেও চিহ্নিত হয়ে থাকবে। ( প্রথমবার আইপিএল জয় বিরাটদের)

6. ১১ জুন থেকে লর্ডসে আয়োজিত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। ফাইনালে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে লাল বলের ক্রিকেটে নয়া নজির গড়ে, চোকার্সের তকমা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় সাউথ আফ্রিকা। টেম্বা ভাবুমা, আদিন মার্করাম, কাগিসো রাবাডাদের অনবদ্য সাফল্য দেখে বিস্মিত ক্রিকেট বিশ্ব। (বিশ্ব চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা )

7. এরপর সেপ্টেম্বরে দুবাই ও আবুধাবিতে শুরু হয় টি-২০ ফম্যাটে এশিয়া কাপের আসর। নজিরবিহীন ভাবে এই বছরের এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারায় ভারত। গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল। সমস্ত ম্যাচ জিতে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ৩১৪ রান করে সিরিজের সেরা হন অভিষেক শর্মা। ( এশিয়া কাপ জয় ভারতের)

8. অক্টোবর-নভেম্বর মানে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ভারতকে ২-১ এ পরাজিত করে। এই সিরিজে ভারতের ওয়ানডে দলের দায়িত্ব নেন শুভমান গিল। ফলে শুভমানের নেতৃত্বে প্রথমবার খেলতে দেখা যায় বিরাট-রোহিতকে। ভারত সিরিজ হারলেও, এই সিরিজে ২০২ রান করে ম্যান অফ দ্য সিরিজ হন রোহিত শর্মা। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ২-১ এ জয় পায় ভারতীয় দল। (ওয়ানডে জয় অজিদের, টি-২০ ভারতের)

9. নভেম্বর মাসে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা দল। ঝুলন-মিতালিরা না পারলেও করে দেখাল রিচা ঘোষ- দীপ্তি শর্মা -হারমনপ্রীত কৌররা। ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে ৫২ রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ ট্রফি জয় ভারতের। মহিলা ক্রিকেট দলের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ফাইনালে অনবদ্য ৮৭ রানের ইনিংস শেফালি বর্মার। ৫৮ রান দীপ্তির। পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেন দীপ্তি শর্মা। বাংলার মেয়ে রিচা ঘোষ করেন ৩৪ রান। সিএবির পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে সাড়ম্বরে সংবর্ধনা দেওয়া হয় রিচাকে। ( বিশ্বজয়ী মেয়েরা)

10. ২০২৫ সালের বছরের শেষ টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতা, ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে লজ্জার হার ভারতের। প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীরের দল। প্রথমে ইডেন গার্ডেন্সে আড়াই দিনেই টেম্বা ভাবুমার দলের কাছে পরাজয় ভারতের। আর এরপর গোয়াহাটিতে ৪০৮ রানের বিরাট ব্যবধানে শোচনীয় পরাজয় ভারতের। এত বিরাট ব্যবধানে হার ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরলতম অধ্যায়। তবে ডিসেম্বর মাসে আয়োজিত ওয়ানডে সিরিজে অবশ্য ২-১ এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ভাবে চ্যাম্পিয়ন ভারতীয় দল। তিন ম্যাচে জোড়া সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি। ৩০২ রান করে সিরিজের সেরা বিরাট কোহলি। এরপর বছর শেষে টি-২০ সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩-১ এ সিরিজ চ্যাম্পিয়ন হয়ে টি-২০ বিশ্বকাপের মহড়া সেরে নিল গৌতম গম্ভীরের দল। ( লাল বলে লজ্জার হার,সাদা বলে কামব্যাক )

