ময়দান আপডেট: চলতি অ্যাসেজ সিরিজ দিয়েই নিজের ক্রিকেট জীবনের ইতি টানতে চলেছেন ৩৯ বছর বয়সি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খোয়াজা। নিউ ইয়ারের দ্বিতীয় দিনেই নিজের বিদায়ের কথা ঘোষণা করে দিলেন তিনি। রবিবার থেকে সিডনিতে শুরু হতে চলা পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এইবারের অ্যাসেজ টেস্ট সিরিজে শেষবার ব্যাট হাতে মাঠে নামবেন খোয়াজা। উল্লেখ্য ইতিমধ্যেই চলতি অ্যাসেজ সিরিজে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অজি বাহিনী। ফলে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের ট্রফি হাতে নিয়েই নিজের ক্রিকেট জীবনের অবসর নেবেন উসমান খোয়াজা তা নিশ্চিত। উল্লেখ্য ছোট বয়সে বাবা-মা’র সঙ্গে ইসলামাবাদ থেকে অস্ট্রেলিয়ায় যান খোয়াজা। ফলে পাকিস্তানেই জন্ম হলেও, সারা জীবন তিনি ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাব থেকে জাতীয় দলের হয়ে।

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট খেলে ৪৩.৩৯ গড়ে খোয়াজা করেছেন ৬২০৬ রান। ১৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ ২৩২। এ ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ৪০টি একদিনের ম্যাচে ১৫৫৪ রান এবং ৯ টি টি-২০ ম্যাচে ২৪১ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। তবে এইবার ক্রিকেটকে বিদায় জানানোর উপযুক্ত সময় বলেই বার্তা দিয়েছেন তিনি। যদিও কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন বলে জানিয়েছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও খেলবেন খোয়াজা।

স্যোশাল মিডিয়ায় খোয়াজা বলেছেন,‘‘অবসরের ভাবনাটা কিছু দিন ধরেই মাথায় ঘুরছিল। অ্যাশেজ শুরুর সময়ও ভেবেছি, এটাই হয়তো আমার শেষ সিরিজ়। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ না পাওয়ার পরই বুঝে যান, সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টের দলে জায়গা না পাওয়া আমার কাছে একটা ইঙ্গিত ছিল। তখনই মনে হয়েছিল, এ বার সামনে এগোনোর সময়।’’
বছরের প্রথম দিনেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দল প্রকাশ্যে আফগানদেরও
