সোনালী চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে রবিবার বারাকপুর স্টেডিয়ামে খেলার একদম শুরুতেই পর পর দুটো গোল পেয়ে কোথাও যেন খেলা থেকেই হারিয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল। রবিবার ইউনাইটেড স্পোর্টসকে ইস্টবেঙ্গল ৬-২ ব্যবধানে পরাজিত করে। খেলার একদম ২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দেবজিত রায় প্রথম গোলটি করেন। তার পরবর্তীতে খেলার ১৫ মিনিটে আবারও ইস্টবেঙ্গলের হয়ে লেপচা গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এদিন প্রথমার্ধ জুড়ে মুহুর্মুহু আক্রমণ করতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল তাদের দুটো চ্যানেল খুব ভালো করে ব্যবহার করছিল এক হচ্ছে তাদের উইং এবং আরেকটি মিডিল চ্যানেল যার ফলে ইউনাইটেডের মাঝমাঠকে সহজেই ভেঙে ফেলছিল ইস্টবেঙ্গল।
তবে খেলার ২৭ মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন বানীব্রত সর্দার। এবং তারপরেই মোড় ঘুরে যায় খেলার। ২-১ ফলাফলে এগিয়ে থেকেও যেন ২৭ মিনিটের পর থেকে ইস্টবেঙ্গল হারিয়ে যেতে থাকে খেলা থেকে। ইউনাইটেড ধীরে ধীরে আক্রমণ করার সুযোগ পেলেও প্রথমার্ধে আর কোনও গোল তারা করতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধ শুরু হতেই ইস্টবেঙ্গলের উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ইউনাইটেড। একের পর এক আক্রমণ করতে থাকে। যে ইস্টবেঙ্গল খেলার ২ মিনিটের মধ্যেই গোল তুলে নিয়েছিল সেই ইস্টবেঙ্গল মাঝমাঠ পর্যন্ত আক্রমণই তুলে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছিল। এই সুযোগকে কাজে লাগিয়েই ইউনাইটেডের হয়ে ৫৩ মিনিটের মাথায় সুরজিৎ ঘোষ গোল করে দলকে সমতায় ফেরায়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোল হজম করার পর হারিয়ে যাচ্ছিল খেলা থেকে কিন্তু দ্বিতীয়ার্ধের ইউনাইটেডের গোলটাই যেন ইস্টবেঙ্গলকে আবার ফিরিয়ে দিলো খেলায়। গোল শোধ করার জন্য পরপর আক্রমণ তুলতে শুরু করে ইস্টবেঙ্গল এবং কিছুক্ষনের মধ্যেই আমারও ধসে যায় ইউনাইটেডের মাঝমাঠ।
এরপর আনান্থু টপবক্সের কিছুটা দূর থেকে দূরপাল্লার শটে গোল করেন ৬০ মিনিটে। ৬৪ মিনিটে আবারও গোল করেন রোমিন গোলদার। এবং ৭৬ মিনিটে গোল করেন শিলাজিৎ সান্ত্রা। এবং কালকের ম্যাচটিতে ইউনাইটেডের গোলদাতা সুরজিৎ ঘোষ দেখেন লাল কার্ড। দশজনে হয়ে যাওয়ার পর ইউনাইটেডকে আরও ১ গোল হজম করান ইস্টবেঙ্গলের পুংহাং সুব্বা।
গোল হজমের পর ইস্টবেঙ্গলের ছেলেদের যে ছন্দপতন হয়েছিল তাতে বেশ হতাশ তাদের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্যায়ের পরবর্তী খেলা রয়েছে ৪ তারিখ রাজস্থানের বিরুদ্ধে।
