সৌরভ রায় ও অঙ্কিত ঘোষ, প্রতিনিধি
ময়দান আপডেট: কেরালা ও চেন্নাইয়ের বিরুদ্ধে পর-পর দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে, লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে শনিবার যুবভারতীতে ঘরের মাঠে বাংলার আরেক প্রধান মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান সুপার জায়েন্টস। অপরদিকে জামশেদপুর ও এফসি গোয়ার কাছে হেরে খেলতে নামে মহামেডান স্পোর্টিং। এদিন শনিবার ম্যাচ হলেও সেভাবে দর্শকদের উপস্থিতি ছিল না দুই দলেরই।

এদিন দলে কয়েকটি পরিবর্তন করেন কোচ সার্জিও লোবেরা। ম্যাকলারেন-দিমির জায়গায় এদিন শুরু করেন ম্যাকলারেন-কামিংস। লিস্টনের জায়গায় শুরু করেন মনবীর। আর শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে মোহনবাগান। শুরুতেই মহামেডানের পোস্ট লক্ষ্য করে গোলের প্রচেষ্টা করেন জেসন কামিংস, যদিও কার্যকরি হয়নি। এরপর ৫ মিনিটে রবসনকে ফাউল করে মহামেডান, ফলে দূরপাল্লার শট নেন আপুইয়া যদিও গোল রুখে দেন মহামেডানের গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য। তবে খেলার গতির বিপক্ষে গিয়ে ১২ মিনিটে মহামেডানের সাকার কর্ণারে গোল করে মহামেডান স্পোর্টিংকে এগিয়ে দেন লালথানকিমা। খেলার ফলাফল হয়ে যায় ১-০।উল্লেখ্য চলতি আইএসএলে নিজেদের প্রথম গোল করল মহামেডান। অপরদিকে তিন ম্যাচে প্রথম গোল খেল মোহনবাগান।

১৮ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও, রবসনের শট বারে লেগে ফিরে আসে। তবে এর কিছুক্ষণের মধ্যেই ২২ মিনিটে কামিংসের বাড়ানো বলে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান রবসন। খেলার ফলাফল দাঁড়ায় ১-১। তবে এর মিনিট ৫ এর মধ্যেই ২৭ মিনিটে আবারও গোল রবসনের। অতি-সহজেই মনবীরের বাড়ানো বলে, মহামেডান স্পোর্টিং এর গোলরক্ষক শুভজিৎকে বোকা বানিয়ে, নিজের দ্বিতীয় গোল করে ফেলেন রবসন। ফলাফল হয়ে যায় ২-১। এরপর ৩৫ মিনিটে আবারও গোল মোহনবাগানের। ৩৫ মিনিটে অময় রানাডের শটে, কামিংস-এর হেডে দলকে গোল উপহার দিলেন জেমি ম্যাকলারেন। ৩-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এরপর চোট পাওয়ায় ৩৯ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল জোড়া গোল করা রবসনকে। তার জায়গায় মাঠে নামেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেই সময়ই একাধিক গোলের প্রচাষ্টা করে মোহনবাগান। যদিও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করে মহামেডান স্পোর্টিং। ৫৮ মিনিটে জোড়া পরিবর্তন মোহনবাগানের। কামিংসের জায়গায় নামানো হয় টম অলড্রেডকে। দীপক টাংরির জায়গায় নামেন লিস্টন। ৬২ মিনিটে সবুজ-মেরুনের গোলের ব্যবধান আরও বাড়ান মনবীর সিং। অভিষেক সিং এর দেওয়া বলে, লিস্টনের অ্য়াসিস্টে হেডে দুর্দান্ত গোল উপহার দেন মনবীর। ফলাফল হয়ে যায় ৪-১।

খেলার ৭০ মিনিটে দূরপাল্লার শটে অনবদ্য গোল উপহার দিলেন দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগানকে এগিয়ে দেন ৫-১ গোলে। ৭৫ মিনিটে জোড়া পরিবর্তন মোহনবাগানের। অময় রানাডের জায়গায় সাহাল এবং থাপার জায়গায় কিয়ান নাসিরি।
স্টিফেন এজে ও তাচিকাওয়ার দুর্দান্ত গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে জামশেদপুর
এরপরও বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে মোহনবাগান, যদিও গোল আসেনি। খেলার ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সবমিলিয়ে মিনি ডার্বিতে ৫-১ গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের। আর এই জয়ের ফলে লিগ টেবিলে সবার শীর্ষে উঠে এল মোহনবাগান।
