ময়দান আপডেট: রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলের মরসুমটা ভালো যায় নি নাইটদের জন্য। তারা ১৪ টা ম্যাচ খেলে মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছিল। ৭ ম্যাচ হেরে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শেষ করেছিল কেকেআর। অন্যদিকে আইপিএলে পাঁচবারের ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্স দল গত মরসুমে আইপিএলে গ্রুপে পয়েন্ট টেবিলে চার নম্বরে শেষ করে, প্লে-অফে জায়গা করে নেয়। গ্রুপে ১৪ টা ম্যাচ খেলে ৮ টি জয়, ৬ ম্যাচে হারে মুম্বই। প্লে-অফে পঞ্জাব কিংসের কাছে হেরে গতবার বিদায় নিয়েছিল মুম্বই। তবে এবার ষষ্ঠবারের জন্য ট্রফি ঘরে তুলতে মরিয়া হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারা। কেকেআর ও মুম্বই এই দুই দলের শেষ পাঁচবারের সাক্ষাতে তিনবার জিতেছে কেকেআর, দুইবার মুম্বই ইন্ডিয়ান্স।

নাইটরা এবার আইপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে। নাইট রাইডার্সের এবারের দলে রয়েছেন এবারের আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটার অজি তারকা ক্যামরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। ফলে তাঁর উপর অনেকটাই তাকিয়ে থাকবে নাইট বাহিনী। তবে নাইটদের এবার আইপিএলের শুরুতেই চিন্তায় রাখছে পেস বিভাগ। ১ কোটি টাকায় বাংলার দলে খেলা বিহারের সাসারামের ছেলে আকাশদীপকে দলে নিয়েছিল কেকেআর। তবে আইপিএল শুরুর আগেই চোট পেয়েছেন আকাশ। যেমনটা খবর তাতে চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশদীপ। এবারের আইপিএলে খেলার কোনও সম্ভাবনা নেই তাঁর। পাশাপাশি চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন কেকেআরের আরও এক তারকা পেসার ভারতীয় দলের অন্যতম সদস্য হর্ষিত রানা। তাঁরও চোট গুরুতর। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগবে। পাশাপাশি উল্লেখ্য নাইটদের দলে এবার ১৮ কোটি টাকার চড়া দরে কেনা অন্যতম দামি ক্রিকেটার শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে কবে থেকে পাওয়া যাবে, তা-ও অনিশ্চিত। তারও কিছুটা চোট রয়েছে বিশ্বকাপের সময় থেকে। ফলে এপ্রিলের শেষের দিক থেকে পাওয়া যেতে পারে তাঁকে। ফলে বোলিং বিভাগ নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবে অজিঙ্কা রাহানেরা।

অন্যদিকে আইপিএলের গ্রুপ পর্বের সম্পূর্ণ ক্রীড়াসূচি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে এবার আইপিএলে নাইট রাইডার্সের দুই বড় ম্যাচ ধোনির চেন্নাই এবং বিরাটের আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দেওয়া হয়েছে। আর এই খবরে যথেষ্ট মন খারাপ কেকেআর সমর্থকদের। ১৪ এপ্রিল চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে এবং ১৩ মে রায়পুরে বিরাটের আরসিবির বিরুদ্ধে খেলতে হবে কেকেআরকে। দুটি হাইপ্রোফাইল ম্যাচ থেকে এবার বঞ্চিত থাকতে হল ইডেন গার্ডেন্সকে। তবে ইডেনে সাতটি হোম ম্যাচ খেলবে কেকেআর। ২ এপ্রিল তাদের প্রথম হোম ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ৬ এপ্রিল নাইটদের হোম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৯ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে ইডেনে খেলবে কেকেআর। ১৯ এপ্রিল হোম ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে ৩-টে থেকে।

১৬ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ইডেনে খেলবে তারা। ২০ মে ঘরের মাঠে নাইটরা মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচটি এবার ইডেনে নাইটদের সর্বাধিক হাইপ্রোফাইল ম্যাচ হিসাবে ধরা যেতেই পারে। আর গ্রুপ পর্বে নাইটদের শেষ হোম ম্যাচ ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে সিএসকে এবং আরসিবি ম্যাচ না থাকায় এবার আইপিএলে নাইটদের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে টিকিটের চাহিদা এবং উৎসাহে যে কিছু ভাটা পড়বে, তা বেশ বুঝতে পারছেন বঙ্গ ক্রিকেট সংস্থার আধিকারিকরা।
আজ আইপিএলের বোধন, বিরাট চ্যালেঞ্জ রুখতে প্রস্তুত ইশান-অভিষেকরা
