Wednesday, April 15, 2026
Homeফুটবলফুটবলের ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে রেফারি প্রতীক! মানুষের সেবা করাই তাঁর...

ফুটবলের ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে রেফারি প্রতীক! মানুষের সেবা করাই তাঁর লক্ষ্য

তিনি বলেন, মানুষের রায়ে জিততে পারলে মানুষের জন্য কাজ করার পাশাপাশি সময় সুযোগ করে ফুটবল মাঠেও রেফারির ভূমিকায় কাজ করবেন তিনি। দুটো বিষয়কে মানিয়ে নিয়েই আগামী দিনে পথ চলাই লক্ষ্য রেফারি প্রতীক মণ্ডলের।

সৌরভ রায়, প্রতিনিধি 

ময়দান আপডেট: দীর্ঘদিন ফুটবলের ময়দানে দুই দলের মাঝখানে দাঁড়িয়ে থেকে ফুটবল ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন বাংলার জনপ্রিয় তরুণ রেফারি প্রতীক মণ্ডল। কলকাতা ফুটবল লিগ, আইলিগ, সুপার কাপ এবং আইএসএল সহ একাধিক হেভিওয়েট প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করিয়েছেন। আর এবার ফুটবলের ময়দান নয়, এবার রাজনীতির ময়দানে একাধিক শক্তিশালী প্রতিপক্ষদের সামনে দাঁড়িয়ে নির্বাচনের খেলা পরিচালনা করতে হবে। কাজটা ফুটবল ম্যাচের থেকে যে অনেকটাই কঠিন তা স্বীকার করে নিয়েছেন প্রতীক। তবে এবারের মিনাখাঁ বিধানসভার আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল ময়দান আপডেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, ফুটবল ময়দানের থেকে রাজনীতির ময়দানে লড়াইটা অনেকটাই কঠিন। ফুটবল মাঠে কিছু নিয়মশৃঙ্খলার মধ্যে ১১-১১ ২২ জনের খেলা থাকে, যেটা নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ। কিন্তু এখানে এত বড় বিধানসভার সমস্ত মানুষের কাছে পৌঁছানো এবং তাদের মন জয় করা বেশ চ্যালেঞ্জিং। তবে ছোট থেকেই প্রতীকের স্যোশাল ওয়ার্কের প্রতি উৎসাহ ছিল, এর আগেও আম্ফান থেকে করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর সাহায্য করার চেষ্টা করেছেন তিনি। তবে এবার আইএসএফ থেকে প্রস্তাব আসায়, মানুষের পাশে দাঁড়ানোর একটা বৃহত্তর সুযোগকে কাজে লাগাতে চান তিনি। তবে এখন সবটাই নির্ভর করছে মানুষের ইচ্ছার উপর। 

ফুটবল ম্যাচে কখনও হলুদ কার্ড তো কখনও লাল কার্ড দেখাতে দেখা গিয়েছে মিনাখাঁর ছেলে প্রতীককে। তবে এবার তিনি বলেন, এবার তাঁর হাতে কোনও কার্ড নেই। জনতার হাতেই মিনাখাঁর কার্ড দেওয়া আছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন তারা লাল কার্ড দেখাবে, নাকি হলুদ কার্ড নাকি সবুজ কার্ড। তবে মানুষ তাঁকে কাজ করার সুযোগ দিলে আগামী দিনে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর একমাত্র লক্ষ্য থাকবে। তবে ভোটে জিততে না পারলেও, মানুষের জন্য কাজ করার চেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি বলেন, মানুষের রায়ে জিততে পারলে মানুষের জন্য কাজ করার পাশাপাশি সময় সুযোগ করে ফুটবল মাঠেও রেফারির ভূমিকায় কাজ করবেন তিনি। দুটো বিষয়কে মানিয়ে নিয়েই আগামী দিনে পথ চলাই লক্ষ্য রেফারি প্রতীক মণ্ডলের।

তবে জনগণের স্বার্থে প্রতীক মণ্ডলের ভোটের ময়দানে নামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁর সহকর্মী রেফারি থেকে শুরু করে ফুটবল জগতের বিভিন্ন প্রশাসক থেকে ফুটবলাররা। সকলেই তাঁর পাশে আছে। পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ সম্মতি না থাকলেও, পরিবারকে মানিয়ে নিয়ে জনগনের জন্যই বিধানসভা ভোটে আইএসএফের হয়ে মিনাখাঁয় জোরকদমে প্রচার সারছেন প্রতীক। তবে এখন দেখার শেষ পর্যন্ত গণদেবতার বিচারে রেফারি প্রতীককে লাল কার্ড দেখতে হয়! নাকি আগামী দিনের এগিয়ে যাওয়ার গ্রিন কার্ড দেখতে পান? সেটার উত্তর পাওয়া যাবে আগামী ৪ মে। 

প্রথম দুই সপ্তাহ নেই ধোনি, মন খারাপ সিএসকে সমর্থকদের! প্রথম প্রতিপক্ষ রাজস্থান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular