ময়দান আপডেট: বিদেশীহীন ভারতীয় ফুটবলার নিয়ে আইএসএলে অংশ নেওয়া মহামেডান স্পোর্টিংয়ের কাছে এখন প্রথম ১ পয়েন্ট পাওয়াও যেন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ম্যাচে হারতে-হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সাদা-কালো বাহিনীর। ৫ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হার। গোল পার্থক্য -১৫। লিগ টেবিলে সবার শেষে। বাংলার দুই প্রধানের মধ্যে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হারের পর, ইস্টবেঙ্গলের কাছে ৭-০ গোলে হেরে চূড়ান্ত হতাশাগ্রস্ত মহামেডান শিবির। আর এবার ১০ দিনের ফিফা ইন্টারন্যাশনাল বিরতির পর, আগামী ৩ তারিখ পঞ্জাবের ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল।

অ্যাওয়ে ম্যাচে লড়াইটা বেশ কঠিন তা জানেন মহামেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। আর পঞ্জাব রওনা দেবার আগে সাংবাদিক সম্মেলনে মহামেডান কোচ ও ফুটবলার মহীতোষ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর এদিন সাংবাদিক সম্মেলনে বেশ আশাহত দেখাল তাঁদের দুইজনকেই। কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লিগে মরিয়া লড়াই করা ছাড়া আর যে বিশেষ কিছু করার নেই তাদের, তা স্বীকার করে নিলেন মেহেরাজ। তিনি বলেন, “আমাদের কাছে প্রত্যেক প্রতিপক্ষই কঠিন। তবে আমরা প্রত্যেক ম্যাচে শেষ মিনিট পর্যন্ত আপ্রাণ লড়াই করার চেষ্টা করি। তবে এখনও পর্যন্ত কোনও পয়েন্ট আনতে পারি নি।” ফুটবলার মহীতোষের কথাতেও বোঝা গেল, মহামেডান ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে বিদেশী ফুটবলারের অভাব যথেষ্ট প্রভাব পড়ছে দলে। তবে পঞ্জাবের বিরুদ্ধে অন্তত্য ১ পয়েন্ট আনার প্রয়াস চালাবে মহামেডান। তবে পঞ্জাবের মাটিতে পয়েন্টের খাতা খোলা কতটা সম্ভব হবে তা জানা নেই দলের ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের।
রাজস্থানের কাছে হেরে ব্যাকফুটে থেকেই চিপকে ফিরছে চেন্নাই! জিতে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়াররা
