ময়দান আপডেট: আইপিএলে প্রত্যেক বছরই নতুন রেকর্ড তৈরি হয়। নতুন প্রতিভাদের খুঁজে পাওয়া যায় আইপিএল থেকেই। প্রতিভার অন্বেষণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গোটা বিশ্বে সমাদৃত। তাই IPL- শুরু হলেই কাউন্টডাউন শুরু হয়ে যায় এই মরসুমের সর্বোচ্চ রান স্কোরার অর্থাৎ ORANGE CAP এবং সর্বোচ্চ উইকেটের মালিক অর্থাৎ PURPLE CAP কে জিততে পারেন ? সেই নিয়েও তারকা ক্রিকেটাররা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যান। যদিও ২০২৬ সালের আইপিএলের এখন অর্ধেক মরসুমও শেষ হয়নি। কিন্তু এখনও পর্যন্ত এই দুই পুরস্কারের লড়াইয়ে কোন কোন ক্রিকেটার নজর কাড়ছেন দেখে নেওয়া যাক-
ORANGE CAP অর্থাৎ আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল, দিল্লি ক্যাপিটালসের সমীর রিজভি, সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন, রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশি ও মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল ৩ ম্যাচে করেছেন এখনও পর্যন্ত ১৭০ রান। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। দিল্লি ক্যাপিটালসের সমীর রিজভি ৩ ম্যাচে করেছেন ১৬০ রান। সর্বোচ্চ রান ৯০। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। দিল্লির হয়ে প্রথম দুটি ম্যাচেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। এরপর সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন ৩ টি ম্যাচে করেছেন ১৪৫ রান। সর্বোচ্চ ৬২, রয়েছে ২ টি হাফসেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশি ৩ টি ম্যাচে করেছেন ১২২ রান। সর্বোচ্চ ৫২, রয়েছে একটিই হাফসেঞ্চুরি। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ৩ টি ইনিংসে করেছেন ১১৮ রান। সর্বোচ্চ ৭৮, রয়েছে একটি হাফসেঞ্চুরি।

এবার দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটের বিচারে কারা রয়েছেন- এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবি বিষ্ণোই। তিন ম্যাচে নিয়েছেন ৭ টি উইকেট। বেস্ট বোলিং ৪১ রান দিয়ে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বেস্ট বোলিং ২৯ রানে ৩ উইকেট। তৃতীয় স্থানে গুজরাত টাইটান্সের রশিদ খান। ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বেস্ট বোলিং দিল্লির বিরুদ্ধে ১৭ রানে ৩ উইকেট। চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালসের নুঙ্গি এনগিডি। ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বেস্ট বোলিং ২৭ রানে ৩ উইকেট। পঞ্চম স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের নাদ্রে বারগার। তিনি ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বেস্ট বোলিং ২১ রানে ২ উইকেট। ষষ্ঠ স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের ডানহাতি মিডিয়াম পেসার বিজয় কুমার বৈশাখ। তিনিও ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বেস্ট বোলিং ৩৪ রানে ৩ উইকেট। সপ্তম স্থানে আরসিবির তারকা ডানহাতি ফাস্ট কিউয়ি বোলার জেকব ডাফি। তিনি ২ টি ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বেস্ট বোলিং ২২ রানে ৩ উইকেট।

ফলে এটা স্পষ্ট এবারের আইপিএলে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই নজর কাড়ছে রাজস্থান রয়্যালস। ব্যাটিং বিভাগে যশস্বী জয়সওয়াল থেকে বৈভব সূর্যবংশি। বোলিং বিভাগেও শীর্ষে রয়েছেন দুই রাজস্থান রয়্যালসের তারকা বোলার। রবি বিষ্ণোই ও বারগার। সবমিলিয়ে এবার আইপিএলে রাজস্থানকে নিয়ে বিশেষ ভাবে বাজি ধরতেই পারেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই ২০০৮ সালে শেন ওয়ার্নের হাত ধরে আইপিএলের প্রথম সিশনে আইপিএল জিতেছিল রাজস্থান। তারপর থেকে আর কোনও দিন ট্রফি আসেনি তাদের ঘরে। কিন্তু এবার বেশ আকর্ষনীয় লাগছে রাজস্থানকে। ফলে দীর্ঘদিন পর এবার ডাকহর্স রাজস্থান হতেই পারে, মনে করছেন ভারতের ক্রিকেট প্রেমীরা!
