Sunday, May 31, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলনতুন মরসুমের জন্য আপাতত কোনও ফুটবলারকে ছাড়ছে না মোহনবাগান, লোবেরার এখন লক্ষ্য...

নতুন মরসুমের জন্য আপাতত কোনও ফুটবলারকে ছাড়ছে না মোহনবাগান, লোবেরার এখন লক্ষ্য গোয়া ম্যাচে ৩ পয়েন্ট

চোট সারিয়ে আপুইয়া ও রদরিগেজ দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করছেন তারা।

সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: আইএসএলের চলতি মরসুম প্রায় শেষের দিকে। ফলে একদিকে এবারের মরসুমের চ্যাম্পিয়ন কারা হতে পারে? সেই নিয়ে পয়েন্ট টেবিল দেখে যেমন বিচার-বিশ্লেষন করছেন সমর্থক থেকে বিভিন্ন দলের ম্যানেজমেন্টের সদস্যরা। তখন অন্যদিকে আগামী মরসুমে কি ভাবে লিগ আয়োজন সম্ভব ? সেই বিষয় নিয়েও জোর চর্চা চলছে বিভিন্ন ক্লাবের অন্দরে। ফলে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আইএসএলের অনিশ্চয়তার কারণে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট জানান হয়েছে, আপাতত আগামী মরসুমের কথা ভেবে কোনও নতুন ফুটবলার সই করানো বা বর্তমান দলের একজনও ফুটবলারকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই। উল্লেখ্য গত কয়েকদিন ধরে বিভিন্ন মোহনবাগান ফ্যানস ক্লাবের স্যোশাল মিডিয়া পেজে এবং কিছু সংবাদ মাধ্যমেও মোহনবাগানের আগামী মরসুমের দল নিয়ে কয়েকটি সম্ভবনার কথা প্রকাশ করা হয়েছে। এমনকি দিমিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে সেই খবরও প্রকাশ্যে এসেছে! তবে সেই তথ্যগুলো একদমই সঠিক নয়। মোহনবাগান সুপার জায়েন্টস ম্যানেজমেন্ট আপাতত দলের কোনও ফুটবলারকে ছাড়ছে না। পাশাপাশি নতুন করে কোনও ফুটবলারকে নেওয়ার বিষয়ে কোনও আলোচনাও করেনি। লিগের চূড়ান্ত ফলাফল এবং আগামী মরসুমে লিগ নিয়ে ফেডারেশনের পরিকল্পনা জানান পরেই দল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

চিত্র সাংবাদিক- সৌম্য দাশ

এইবারের আইএসএলে লিগ জয়ের দাবিদার হিসাবে চূড়ান্ত লড়াইয়ে রয়েছে বাংলার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যা অন্য বছর লিগে সাধারণত এই ছবি দেখা যায় না। তবে নিজেদের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে এখন ইস্টবেঙ্গল লিগ টেবিলে সবার শীর্ষে। তারা এখন ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। অপরদিকে মোহনবাগান ৯ ম্যাচে রয়েছে ২০ নিয়ে তৃতীয় স্থানে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৯ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদা স্টেডিয়ামে। কার্যত ওই ম্যাচটাই মোহনবাগান লিগ জয়ের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। গোয়াকে মোহনবাগান হারাতে পারলেই তারা আবারও এক নম্বরে চলে আসবে। তবে এই ম্যাচে মোহনবাগান যদি পয়েন্ট নষ্ট করে তাহলে সবুজ-মেরুনের লিগ জয়ের আশা অনেকটাই কমে যাবে। ১৭ তারিখ ডার্বির আগে ইস্টবেঙ্গল ১১ তারিখ যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এই ম্যাচের উপরেও ইস্টবেঙ্গলের ভাগ্য নির্ভর করছে। যেহেতু ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে জামশেদপুর রয়েছে দ্বিতীয় স্থানে। সুতরাং ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে, অন্যদিকে জামশেদপুর ৯ তারিখ ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জিতে গেলে লিগ চ্যাম্পিয়নের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে জামশেদপুর। সবমিলিয়ে ডার্বির আগে বাংলার দুই প্রধান ক্লাবের মধ্যে লিগ জয়ের লড়াই ক্রমশ জোরাল হচ্ছে। অনেক ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এবার ডার্বিতেই নির্ধারিত হয়ে যাবে আইএসএলের চ্যাম্পিয়ন দল! 

চিত্র সাংবাদিক- সৌম্য দাশ

ডার্বি নিয়ে মোহন-ইস্ট দুই দলের সমর্থকদের মধ্যে জোরদার আলোচনা হলেও, মোহনবাগান কোচ সার্জিও লোবেরা আপাতত ডার্বি নিয়ে ভাবতে রাজি নন। তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানালেন, আমাদের এখন ফোকাস শুধুমাত্র গোয়া ম্যাচেই। ওই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতে মরিয়া দল। গোয়া ম্যাচের পর ডার্বির রণকৌশল নির্ধারণ করবেন তিনি। পাশাপাশি চোট সারিয়ে আপুইয়া ও রদরিগেজ দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করছেন তারা। ফলে গোয়া ম্যাচের আগে স্বস্তি মোহনবাগানের জন্য। তাদের দুইজনকেই দলে দেখা যাবে তা নিশ্চিত। যদিও পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় তারা আছেন কিনা সেটা অবশ্য স্পষ্ট করেননি লোবেরা। পাশাপাশি তিনি জানান, এফসি গোয়া দলের অভিজ্ঞ কোচের পাশাপাশি দলে একাধিক সিনিয়র তারকা ফুটবলার রয়েছেন। যাদের বিরুদ্ধে তাদের মাঠে জয় পাওয়ার কাজটা মোটেও সহজ হবে না। তবে মোহনবাগান দলও যথেষ্ট শক্তিশালী, সুতরাং যথেষ্ট আশাবাদী কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে জেসন কামিংস জানান, কোচ যে পজিশনে খেলতে বলবে সেই জায়গাতেই খেলতে রাজি তিনি। দলের সাফল্যের জন্য তিনি যতটা সময় খেলার সুযোগ পাবেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি কামিংস বলেন, দলের ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত ভালো। নিজের পরিবারের মতো সকলের সঙ্গে সম্পর্ক। ফলে দলের মধ্যে ভালো বোঝাপড়াই মোহনবাগানের সাফল্যের রসায়ন হতে চলেছে।

চিত্র সাংবাদিক- সৌম্য দাশ

লিগ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সার্জিও লোবেরা। কারণ মোহনবাগান গোয়াকে হারাতে পারলে, তাদের পরবর্তী ম্যাচ ইস্টারকাশির বিরুদ্ধে। ওই ম্যাচে সবুজ-মেরুনের জয় পাওয়ার সম্ভবনা অনেকটাই জোরাল। ফলে গোয়া ম্যাচ জিততে পারলে ডার্বির আগেই নিজেদের ভালো জায়গায় নিয়ে চলে যেতে পারবে মোহনবাগান। তবে আরও একটি বিষয় মোহনবাগান নিজেদের শেষ ম্যাচ খেলেছে প্রায় ১৭ দিন আগে নর্থ-ইস্টের বিরুদ্ধে, অনেক দিনের বিরতির পর খেলতে নামবে। এই বিষয়টি অবশ্য দলের খেলায় প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও লোবেরা জানান, দল টানা দুই সপ্তাহ অনুশীলন সেরেছে সুতরাং কোনও সমস্যা হবে না বিরতির কারণে। সবমিলিয়ে এখন দেখার গোয়ার মাটিতে কতটা সাফল্য দেখাতে পারে সবুজ-মেরুন বাহিনী! 

ইজ্জেজারি ও নন্দার বিশ্বমানের দুর্দান্ত গোলে, মুম্বইয়ের ঘরের মাঠে জিতে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular