প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট: দুর্দান্ত প্রত্যাবর্তন এবং ভাগ্যের সহায়তায় এএফসি অনুর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারত। লেবাননকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর ফিলিপিন্স বনাম চাইনিজ তাইপেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় নকআউট পর্ব নিশ্চিত হল প্রীতিকা বর্মনদের। সেমিফাইনালে উঠতে পারলেই নিশ্চিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট, তবে সেই পথে ভারতের সামনে এখন হিমালয় সমান বাধা শক্তিশালী চিন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ধরা দেয় ভারত। ম্যাচের মাত্র ৭ মিনিটেই ভারতকে এগিয়ে দেন বাংলার মেয়ে প্রীতিকা বর্মন। এরপর ঘনঘন আক্রমণে লেবানন রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে ভারত। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভা দেবী। ৭২ মিনিটে ৩-০ গোলে ভারতকে এগিয়ে দেয় জয়া। ম্যাচের অন্তিমলগ্নে ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সেই প্রীতিকা বর্মন। জাপান ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও লেবাননকে হারিয়ে ভারতের ঝুলিতে ছিল ৩ পয়েন্ট (গোল পার্থক্য: -১)। অন্য গ্রুপ থেকে থাইল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করায় ভারতের ভাগ্য ঝুলে ছিল ‘ডি গ্রুপের’ ফিলিপিন্স বনাম চাইনিজ তাইপেই ম্যাচের ওপর। ভারতের স্বপ্নভঙ্গ করতে ফিলিপিন্সকে অন্তত ১২ গোল বা চাইনিজ তাইপেইকে ১৩ গোলের ব্যবধানে জিততে হতো। কিন্তু সেই ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ পর্বের সেরা তৃতীয় দলগুলোর মধ্যে দ্বিতীয় হয়ে অর্থাৎ অষ্টম দল হয়ে শেষ আটে পৌঁছে যায় ভারত।

ভারত এখন অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ থেকে মাত্র এক ধাপ দূরে। এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের সেমিফাইনালে পৌঁছাতে পারলেই সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র মিলবে। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইটা সহজ হবে না। আগামী ১১ মে শেষ আটের ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে শক্তিশালী চিন। প্রীতিকা, আলভা ও জয়াদের আক্রমণভাগ চিনের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবল ভক্তরা। এক কঠিন অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে কোচ ও ফুটবলাররা, লক্ষ্য এখন একটাই, চিনকে হারিয়ে ইতিহাস গড়া।
নতুন মরসুমের জন্য আপাতত কোনও ফুটবলারকে ছাড়ছে না মোহনবাগান, লোবেরার এখন লক্ষ্য গোয়া ম্যাচে ৩ পয়েন্ট
