ময়দান আপডেট: ৭-১ গোলে কুরাসাওকে হারিয়ে অনবদ্য ছন্দে বিশ্বকাপের সফর শুরু করেছিল এবার জার্মানরা। ২-১ গোলে আইভরি কোস্টের বিরুদ্ধেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল জার্মানি। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ছন্দ ধরে রাখতে পারল না তারা। জার্মানির বিজয়রথ থামিয়ে দিল বিশ্বকাপের মঞ্চে অঘটন ঘটিয়ে ইকুয়েডর। ১ গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হার জার্মানদের। তবে গোল পার্থক্যে লিগ টেবিলের শীর্ষস্থানেই থাকল জার্মানি।এদিন ম্যাচের শুরুতেই জার্মানিকে লিড এনে দেন লেরয় সানে। ১-০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। ফলে মনে করা হচ্ছিল গ্রুপে তিন ম্যাচই জিতে বাজিমাৎ করবে জার্মানি। কিন্তু খেলায় সবই সম্ভব। তা আবারও একবার প্রমাণ হল বৃহস্পতিবার রাতে। ২ মিনিটে জার্মানির প্রথম গোল আসার মিনিট সাতেকের মধ্যেই গোল শোধ করে সমতায় ফেরে ইকুয়েডর। গোল করেন আঙ্গুলো।আর শেষ পর্যন্ত এক গোলে গিয়ে থাকা জার্মানিকে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হল। ইকুয়েডরের হয়ে গোল করেন নিলসন আঙ্গুলো এবং গনজালো প্লাতার। ২০১৮-য় দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মানরা। ২০২২-এ হেরেছিল জাপানের কাছে। এবার জার্মানদের হারতে হল লাতিন আমেরিকার একটি দেশের কাছে। আর বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির বিরুদ্ধে জয় পেয়ে আবেগে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারির ইকুয়েডর সমর্থক থেকে শুরু করে ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসিসি। তবে জার্মানিকে হারালেও এখনও বিশ্বকাপের নকআউট নিশ্চিত নয় ইকুয়েডরের। কারণ তারা ৪ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের তৃতীয় স্থানে। ফলে তাদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যগ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলগুলির দিকে।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে চাপের মুখে জার্মানির গোটা দলই কার্যত নীচে নেমে এসেছিল। সাত-আট জন মিলে রক্ষণ করছিলেন। আক্রমণে উঠেও সুবিধা করতে পারছিল না জার্মানি। কিছুক্ষণ পরেই ইকুয়েডরের কোনও না কোনও ফুটবলার এসে বল কেড়ে নিচ্ছিলেন। খেলার ৭৭ মিনিটে কর্নার থেকে হেড ভেসে আসে বল নুয়েরের দিকে। জার্মান গোলকিপার বল ধরার আগেই পায়ের টোকায় জালে জড়িয়ে দেন গনজালো প্লাতা। ফলে নিজেদের জয়ের রাস্তা মসৃণ করে ফেলে ইকুয়েডর। এরপর ম্যাচের পরবর্তী সময়ে চেষ্টা করেও আর গোল করতে পারেনি জার্মানি।

বিশ্বকাপে একই গ্রুপের অপর ম্যাচে এদিন ২-০ গোলে কুরাসাওকে হারাল আইভরি কোস্ট। আইভরি কোস্টের হয়ে ৭ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন পেপে। আর এদিন ম্যাচে জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হয়ে রাউন্ড ৩২ এ জায়গা করে নিল আইভরি কোস্ট।
স্কটল্যান্ডকে ৩ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল, নকআউটে মরক্কো
