ময়দান আপডেট: বিশ্বকাপের নকআউটে রাউন্ড অফ ৩২ এর ম্যাচে সম্মুখসমরে ছিলেন দুই মহাতারকা। যাদের দুজনেরই সম্ভবত এটা শেষ বিশ্বকাপ। ফলে এই দিনেই নিশ্চিত হয়ে যাওয়া খুব স্বাভাবিক ছিল কার শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ! একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন LM 10। না তবে লিওনেল মেসি নয়। কিন্তু তিনিও বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার LM 10। তিনি ক্রোয়েশিয়ার মহাতারকা লুকা মদ্রিচ। আর এই দিন ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত চরম উত্তেজনা, চরম নাটকীয়তা! কারণ পর্তুগালের এগিয় থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই খেলার শেষ বাঁশি বাজতেই দেখা গেল মাঠের মধ্যেই চোখে জল লুকা মদ্রিচের। আর তার এই বিষন্নতা দেখে তাঁকে গিয়ে জড়িয়ে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় দেখা যায় দুজনেরই চোখে জল। লুকাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন সিআর সেভেন। আর অন্যদিকে ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার তিনিও রোনাল্ডোর গালে হাত বুলিয়ে আদর করে, পরবর্তী ম্যাচগুলির জন্য সাফল্য কামনা করছেন। এমনই এক সম্প্রীতির ছবি ফুটবল বিশ্বকাপের মঞ্চে বিরলতম দৃশ্য হয়ে থাকল শুক্রবার সকালে।

এদিন ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল ক্রোয়েশিয়া। যদিও খেলার প্রথমার্ধে দুই দল বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও, কোন গোল আসেনি। খেলার দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মাতেয়ো কোভাচিচের শট পর্তুগালের এক ডিফেন্ডারের গায়ে গেলে অল্পের জন্য বাইরে চলে যায়। আক্রমণ-প্রতিআক্রমণের ম্যাচে নাটকীয় দ্বিতীয়ার্ধ ফলাফল নির্ধারণ করে দেয়। ৫৩ মিনিটে ইভান পেসিরিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর ক্রোয়েশিয়া এই গোলটা করার পর থেকেই, গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। এরপর রোনাল্ডো ক্রোয়েশিয়ার গোলরক্ষককে প্রায় একা পেয়ে গোল করেন। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় তাঁর গোল। তবে এর কয়েক মিনিটের মধ্যেই ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন রেনাতো ভেগাকে। পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি সিআর সেভেন।

আর খেলায় সমতায় ফেরার পর ক্রোয়েশিয়ার ডিফেন্সের উপর আরও চাপ বাড়ায় পর্তুগাল। যদিও এদিন ক্রোয়েশিয়ার গোলরক্ষক একের পর এক ভালো সেভ করে বল রুখে দেন। খেলার ৮৫ মিনিটে ক্রোয়েশিয়ার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। খেলার সংযুক্ত সময়ে লিয়াওয়ের কাছ থেকে বক্সের মধ্যে বল পান গনসালো রামোস। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ঘাড়ে নিয়েই গোল করেন রামোস। ফলে ম্যাচে এগিয়ে যায় পর্তুগাল। এরপর সংযুক্ত সময়ের একেবারে শেষ মিনিটে আবার একটি গোল করে ক্রোয়েশিয়া। কিন্তু সেই গোলটি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। যার ফলে ২-১ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ জায়গা করে নিল পর্তুগীজরা। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও নিরাশ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ক্রোয়েশিয়াকে। আর ম্যাচ শেষ হওয়ার পর মাঠে দেখা যায়, ঠিক এক বছর আগে ২০২৫ সালের ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোতা। তাঁকে জয় উৎসর্গ করেন গোটা দলের ফুটবলাররা। প্রয়াত নিজেদের দলের সতীর্থের জার্সি তুলে ধরেন দলের ফুটবলাররা।
