ময়দান আপডেট: বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে মঙ্গলবার রাতে নরওয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত দাপট আইভরি কোস্টের। ঘন ঘন আক্রমণ আইভরি কোস্টের। সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছিল না নরওয়ের আক্রমণ। আইভরি কোস্টের আক্রমণ বনাম নরওয়ের ডিফেন্সের মধ্যে লড়াই চলছিল। তবে খেলার গতির বিপরীতে গিয়ে ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে নরওয়েকে এগিয়ে দেন আন্তনিয়ো নুসা। আর গোলের পর খেলায় ছন্দ ফিরে পায় নরওয়ে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে দু’দলই। কিন্তু আইভোরি কোস্টের আমাদ দিয়ালো ৭৪ মিনিটে প্রায় একার চেষ্টায় গোল করেন। ফলে খেলার ফলাফল হয়ে যায় ১-১। এরপর ম্যাচের ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গ প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারের নাগাল এড়িয়ে বল দেন বক্সে থাকা হালান্ডকে। পায়ের আলতো ছোঁয়ায় বিশ্বকাপে নিজের পঞ্চম গোলটি করেন নরওয়ের তারকা। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ জায়গা করে নিল নরওয়ে। ফাইনালে তারা মুখোমুখি হবে ব্রাজিলের।

অন্যদিকে মধ্যরাতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয় সুইডেনের। আর এই ম্যাচে ৩-০ গোলে সুইডিশদের হারিয়ে সহজেই জিতে, বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ জায়গা করে নিল ফ্রান্স। গোটা ম্যাচ জুড়েই আধিপত্য দেখাল ফরাসিরা। আবারও জোড়া গোল কিলিয়ান এমবাপ্পের। মেসির সঙ্গে পাল্লা দিয়ে এমবাপ্পেরও এখন ৬ টি গোল। এদিন ফ্রান্সের হয়ে আর একটি গোল করেন বার্কোলা। এদিন রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ— ফুটবলের তিন বিভাগেই নিখুঁত ছিল ফ্রান্স। আর এই জয়ের ফলে রাউন্ড অফ 16 এ জায়গা করে নিল ফ্রান্স। ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বিশ্বকাপে বুধবার সকালে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল আয়োজক দেশ মেক্সিকো। এদিন তারা ২-০ গোলে হারাল ইকুয়েডরকে। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে ইকুয়েডর।

প্রথমার্ধেই দু’গোল দিয়ে জয় নিশ্চিত করে ফেলে মেক্সিকো। প্রি-কোয়ার্টারে তারা খেলবে ইংল্যান্ড বনাম কঙ্গো ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
