Thursday, July 16, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআইএসএলের গোল্ডেন বল জয়ী মিগুয়েল এবার সবুজ-মেরুনে, মিগুয়েল-ম্যাকলারেন যুগলবন্দির অপেক্ষায় মেরিনার্সরা

আইএসএলের গোল্ডেন বল জয়ী মিগুয়েল এবার সবুজ-মেরুনে, মিগুয়েল-ম্যাকলারেন যুগলবন্দির অপেক্ষায় মেরিনার্সরা

ময়দান আপডেট: গত কয়েক বছর আগে মোহনবাগানের ঘর ভাঙিয়ে আনোয়ার আলিকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দিবসের দিনে আনোয়ারকে হাত ধরে মঞ্চে তুলেছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। কার্যত মোহনবাগান সমর্থকদের বার্তা দিয়েছিল লাল হলুদ কর্তারা যে ইস্টবেঙ্গল যাকে চায় তাঁকেই পায়। আর এবার পাল্টা ইস্টবেঙ্গলের ঘর বানিয়ে মোহনবাগান নিয়ে এল ব্রাজিলের তারকা বিদেশি ফুটবলার মিগুয়েল ফিগুয়েরাকে। ২ বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন তিনি। লাল হলুদে কার্যত তিনি হয়ে উঠেছিলেন সমর্থকদের নয়নের মনি। তাঁকে বলা হয় মাঝমাঠের ম্যাজিশিয়ান। আইএসএলের মঞ্চে প্রতিপক্ষ দলের ত্রাস হয়ে উঠেছিলেন মিগুয়েল। গতবারের আইএসএলের গোল্ডেন বলের পুরস্কার জিতে নেন তিনি। তাঁর হাত ধরেই ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল। আর এবার সবুজ মেরুন জার্সিতেই বাগানে ফুল ফোটাতে প্রস্তুত সাম্বা তারকা ফুটবলার। এককথায় বলা যায় বিশ্বকাপের মাঝেই সাম্বার দেশের দাপুটে মিডিও মিগুয়েল ফিগুয়েরা দামাসোনাকে দলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। সিরি এ লিগে খেলা মিগুয়েল এশিয় মহাদেশে এসে প্রথম নজর কাড়েন বাংলাদেশে ক্লাবে খেলার সময়। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে তিন বছর খেলার পর গতবছর খেলতে আসেন ভারতে। প্রথম বছর খেলতে নেমেই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করানো ছাড়াও, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জেতেন তিনি।

আর মোহনবাগানে যোগদান করেই মিগুয়েল জানান, “মোহনবাগান সমর্থকরা অনেকটা ব্রাজিলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ, প্রাণবন্ত। কলকাতায় একবছর খেলার সুবাদে দেখেছি সবুজ মেরুণ সমর্থকদের দলের প্রতি ভালোবাসা। প্রত্যাশা আর আবেগ নিয়ে ওরা গ্যালারি ভরিয়ে তোলেন। ওরা ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবেন না। সেজন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। গ্যালারির এই যে চ্যাম্পিয়ন হওয়ার চাপ, এটা নিয়ে খেলতেই আমি ভালবাসি এবং সেটা উপভোগও করি। সবুজ মেরুন জার্সি পরার জন্য আমি মুখিয়ে আছি। দেশের সেরা দলের সেরা সমর্থকদের সামনে নতুন জার্সি পরে নামব সেটা ভেবে রোমাঞ্চিতও হচ্ছি।“

“মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। সেই খেলাটা কতটা কঠিন সেটাও জানি। সবুজ মেরুন জার্সির সমর্থকরা সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা ছাড়া আর কিছু ভাবেন না। সেজন্যই শুধু আইএসএল নয়, ডুরান্ড কাপ, সুপার কাপ—যে প্রতিযোগিতায় নামব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দলকে সাহায্য করব। গোল করার চেয়েও আমি গোলের পাস বাড়াতে ভালোবাসি। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনের মতো গোল শিকারিকে পাব। ম্যাকলারেনের সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই। ওর সঙ্গে কিছু ভাল গোলের সেলিব্রেশনের মুহূর্ত উপভোগ করতে চাই।“

তিনি আরও বলেন, “কলকাতা ডার্বি সবসময়ই বিশেষ ম্যাচ। সমর্থকদের কাছে এই ম্যাচের মাহাত্ম কী তা আমি জানি। ওই ম্যাচের দিনের সঙ্গে অন্য দিনের তুলনাই হয়না। এবার ডার্বিতে আমি সবুজ মেরুন জার্সি পরে নামব। যেখানে যে প্রতিযোগিতাতেই ডার্বি হবে সেখানে মোহনবাগান জিতবে, জেতানোর জন্য একশো শতাংশ দেব আমি। নিশ্চিত থাকুন সবুজ-মেরুন সমর্থকরা। ডার্বি জেতা মানে সারা সপ্তাহটা ভাল যাওয়া। আর হারলে এক সপ্তাহ কষ্ট নিয়ে থাকতে হয়। সদস্য সমর্থকদের সেই কষ্টটা দিতে চাই না। মোহনবাগান এবার আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার এবারও মোহনবাগানে খেলবে। বিদেশিদের মধ্যে আলবার্তো রদরিগেজ অসাধারণ ডিফেন্ডার। আলবার্তোর বিরুদ্ধে খেলেছি ডার্বিতে। ওকে টপকানো কঠিন। খুব শক্তিধর, গতিশীল এবং আমার দেখা আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার।“ সবমিলিয়ে গত মরসুমের ব্যর্থতা ভুলে নতুন মরশুমে এবার শক্তিশালী দল নিয়ে ময়দানে ঝাঁপাতে প্রস্তুত মোহনবাগান। আর মিগুয়েল-ম্যাকলারেন জুটির যুগলবন্দি উপভোগ করার অপেক্ষায় মেইনার্সরা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular