প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আর্থিক সমস্যার সমাধানের লক্ষ্যে আইলীগ চ্যাম্পিয়ন মিজোরামের আইজল এফসি, তাদের আইলীগ খেলার স্বত্ব নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সর্বভারতীয় এই প্রতিযোগিতায় এবার নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ডিমাপুরের ক্লাবটি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) চূড়ান্ত অনুমোদন মিললেই আইলীগে অন্তর্ভুক্ত হবে।
এনএসএফ মার্টিয়ার্স কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও নাগাল্যান্ড সুপার লিগে তৃতীয় স্থান অধিকারী নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তবে আইজল এফসি তাদের নিজস্ব রাজ্য লিগ অর্থাৎ মিজোরাম প্রিমিয়ার লিগে অংশগ্রহণ অব্যাহত রাখবে। সম্প্রতি চুমৌকেডিমা স্টেডিয়ামে আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে স্থানীয় এই ক্লাবটির মুখোমুখি হওয়া আইজল এফসি অবশেষে তাদের সর্বভারতীয় ফুটবল ফ্র্যাঞ্চাইজি অধিকার তুলে দিচ্ছে সেই উদীয়মান নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হাতেই, যে সংক্রান্ত প্রাতিষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যেই নাগাল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এআইএফএফ-এর নিকট আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হয়েছে।
