প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফ আজ সিআইএসএফ প্রটেক্টরসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে দুর্দান্ত ভঙ্গিমায় গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজকের সবুজ-মেরুন ব্রিগেডের একের পর এক ধারালো আক্রমণের ঝড়ে সম্পূর্ণ দিশেহারা ও অসহায় হয়ে পড়ে সিআইএসএফের রক্ষণভাগ। তবে অজস্র বলে সুযোগ হেলায় হারিয়েছে মোহনবাগান, যেমন লিস্টন কোলাসো এছাড়াও মানভির সিং। ম্যাচের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন সাহাল আব্দুল সামাদ, যিনি চোখধাঁধানো ফিনিশিংয়ে অনবদ্য হ্যাটট্রিক হাঁকিয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেন, দুই মিনিটের মধ্যেই তিনি প্রথম দুটি গোল করে নেন।
আক্রমণভাগের ধার বজায় রেখে সবুজ মেরুনের হয়ে বাকি তিনটি গোল নিশ্চিত করেন জেমি ম্যাকলারেন, অভিষেক টেকচাম সিং এবং মানভীর সিং। মাঝমাঠের আধিপত্য, উইং ধরে গতিময় উইং-প্লে এবং দৃষ্টিনন্দন উইথ-দ্য-বল মুভমেন্টের সাহায্যে পুরো ৯০ মিনিট জুড়েই খেলার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মোহনবাগান। এই অবিস্মরণীয় দাপুটে জয়ের সুবাদে গ্রুপ পর্বের ৩টি ম্যাচের ৩টিতেই জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ ‘এ’-র শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে প্রবেশ করল তারা। অন্যদিকে, একই গ্রুপে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ৩ ম্যাচে ২টি জয় এবং ১টি পরাজয় নিয়ে দ্বিতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে গেলো। এছাড়াও গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলিতে মোহনবাগানের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায়, দ্বিতীয় ম্যাচের বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দেয় মোহনবাগান। ডিফেন্ডিং ব্যাক-টু-ব্যাক ডুরান্ড চ্যাম্পিয়ন হিসেবে নর্থইস্ট ইউনাইটেড এফসি শিরোপা রক্ষার লড়াইয়ে থাকলেও, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের এই অপরাজিত ও বিধ্বংসী ফুটবল পারফরম্যান্স টুর্নামেন্টের বাকি প্রতিপক্ষদের জন্য যে কড়া সতর্কবার্তা পাঠালো। 
