প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আগামী ১২ আগস্ট ২০২৬, সন্ধ্যে ০৭ টায় নিজেদের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ কোয়ালিফায়ার্সের ম্যাচে কুয়েতের আল আরাবি ক্লাবের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচটির গুরুত্ব উভয় দলের জন্যই অত্যন্ত অপরিসীম, জিতলেই ইস্টবেঙ্গল সরাসরি পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর মূল পর্বে, আর হেরে গেলে তাদের স্থান হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। পরিসংখ্যান ও বর্তমান ফর্মের বিচারে দুই দলের মধ্যেই লড়াই জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইস্টবেঙ্গল তাদের গত মরশুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১৩ ম্যাচে ৭টি জয়, ৫টি ড্র এবং মাত্র ১টি হারের সাহায্যে ২৬ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে তারা মোট ৩০টি গোল করে এবং মাত্র ১১টি গোল হজম করে। অন্যদিকে কুয়েতের শক্তিশালী ক্লাব আল আরাবি কুয়েত প্রিমিয়ার লিগের প্রথম পর্বে, ১৮ ম্যাচে ৮ জয় ৬ ড্র ও ৪ হারে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করে। পরবর্তী দ্বিতীয় পর্বে ৫ ম্যাচের মধ্যে ৩টি জয় ও ২টি হার পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে। প্রথম ও দ্বিতীয় পর্বের সব পয়েন্ট মিলিয়ে মোট ২৩ ম্যাচে ১১ জয় ৬ ড্র ও ৬ হারে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে মরশুমের রানার্স-আপ হয় তারা। যেখানে তাদের মোট করা গোলের সংখ্যা ৩৭ এবং হজম করা গোলের সংখ্যা ১৭।
সাম্প্রতিক ফর্মের দিকে নজর দিলে দেখা যায়, আল আরাবি তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং দুটিতে পরাজিত হয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান তিনটি জয়, একটি ড্র এবং একটি হার। তবে ম্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দলের প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা।
কারণ সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত চলা কুয়েত প্রিমিয়ার লিগের কারণে আল আরাবি সম্পূর্ণ ম্যাচের আবহেই ছিলো, যার বিপরীতে ইস্টবেঙ্গল নতুন মরশুমে এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যা যুবভারতীতে ঘরের মাঠে লাল হলুদ শিবিরের জন্য এক বড়ো চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
