প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অংশ নেওয়ার জন্য প্রতিটি ক্লাবকে ১ কোটি ১০ লক্ষ টাকা পার্টিসিপেশন ফি হিসেবে জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। ফেডারেশনের সিদ্ধান্ত ছিল, গত মরসুমে চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টবেঙ্গলের প্রাপ্য ১ কোটি ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য থেকে প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকা কেটে নিয়ে বাকি টাকা ক্লাবকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’ এতে তীব্র আপত্তি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) একটি চিঠি পাঠায়।
চিঠিতে তারা স্পষ্ট ভাষায় জানায়, তারা ক্লাবের ইনভেস্টর হওয়ার কারণে এই পুরস্কারের টাকাটি সরাসরি তাদেরই প্রাপ্য এবং সেখান থেকে ইস্টবেঙ্গলের পার্টিসিপেশন ফি কোনোভাবেই কাটা যাবে না। ইমামির এই চিঠির পর ফেডারেশন ফি কাটার সিদ্ধান্ত স্থগিত রেখে ক্লাবকে চিঠি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর প্রক্রিয়া শুরু করে। ফলে ইস্টবেঙ্গলের ফি জমা দেওয়ার পুরো বিষয়টাই আটকে যায়। বর্তমানে ক্লাবের নিজস্ব কোনো ইনভেস্টর না থাকায় আলাদাভাবে টাকা জমা দেওয়ার সামর্থ্য নেই।
ক্লাবের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চালালেও এখনো কোনো সুসংবাদ মেলেনি। সবচেয়ে চিন্তার বিষয় হলো, নতুন আইএসএল মৌসুম শুরু হতে হাতে মাত্র ২২ দিন বাকি। একদিকে সময় দ্রুত চলে যাচ্ছে এবং কোচ ও ফুটবলাররা মাঠে নেমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, অন্যদিকে প্রথম কিস্তির পর পরবর্তী ধাপে দল চালানোর বিশাল খরচের যোগান কোথা থেকে আসবে তা নিয়ে বড়সড় চিন্তায় পড়েছেন ক্লাব কর্তারা। সব মিলিয়ে মৌসুমের ঠিক মুখে দাঁড়িয়ে এক বিশাল আর্থিক সংকট ও দুশ্চিন্তার মেঘ জমেছে লাল-হলুদ শিবিরে।
