Friday, September 4, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলএএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল

চেনা মাঠে ভক্তদের সমর্থনকে সম্বল করে লাল-হলুদ মেয়েদের লক্ষ্য প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : মালয়েশিয়ায় এএফসি হাউসে আসন্ন এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বেশ শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিযোগিতার গ্রুপ ‘বি’-তে স্থান পাওয়া মশাল গার্লসদের সঙ্গে লড়াইয়ে নামবে দক্ষিণ কোরিয়ার হুয়াচেয়ন কেএসপিও, ভিয়েতনামের হো চি মিন সিটি এবং উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব ৪.২৫ এসসি। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড়ো আনন্দের খবর হলো, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে। এই ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয় ফুটবলমঞ্চে পর্দা উঠতে চলেছে মর্যাদাপূর্ণ এই এশীয় টুর্নামেন্টের। মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত প্রাথমিক পর্বের বাধা পেরিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টানা দ্বিতীয়বার মূল পর্বে নিজেদের জায়গা পাকা করেছিল মশাল কন্যারা। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী মোট ১২টি দলকে ৩টি আলাদা গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা সাজানো হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এরপর ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হুয়াচেয়ন কেএসপিও এবং ৭ নভেম্বর গ্রুপের শেষ লড়াইয়ে উত্তর কোরিয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী ৪.২৫ এসসি-র মুখোমুখি হবে তারা। নিয়ম মেনে তিনটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। ঘরের মাঠে চেনা গ্যালারির গর্জন ও হাজার হাজার সমর্থকের উদ্দীপনাকে সম্বল করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যেই নামবেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular