অঙ্কিত ঘোষ, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতা ফুটবল লিগে আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বারাসাত স্টেডিয়াম। সেদিনই বারাসাতের মাটিতে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দুই দল সুপার সিক্সে উঠে গেলেও, সমর্থকদের কাছে ডার্বির আবেগ, সম্মান ও উদ্দীপনা একইরকম তুঙ্গে রয়েছে। প্রায় ৮ বছর পর বারাসাত স্টেডিয়ামে আবার ফিরছে বড় ম্যাচের আবহ।
তাছাড়া, দীর্ঘ ১৬ বছর পর এই মাঠে ফ্লাডলাইটের নিচে কোনো বড়ো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডার্বির আগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত ম্যাচের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার রূপরেখা প্রকাশ করেন। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে সমর্থকদের সুষ্ঠু যাতায়াতের সুবিধার্থে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথ বা গেটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গ্যালারিতে থাকবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং খাদ্য রসিক সমর্থকদের জন্য বসানো হচ্ছে ফুড কাউন্টার। রাতের ম্যাচের জন্য ইতিমধ্যেই ফ্লাডলাইটের দু’দফা সফল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং ম্যাচের আগে আরও একদফা পরীক্ষা করা হবে। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে প্রশাসন কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়।
স্টেডিয়ামের ভেতরে ও বাইরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। মাঠে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দাহ্য পদার্থ বা মাঠে ছুড়ে ফেলা সম্ভব এমন সমস্ত সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরে ছাতা, হেলমেট এবং জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।আইএফএ সচিব জানান, বারাসাত স্টেডিয়ামে এই ডার্বি ম্যাচটি যদি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, তবে আগামী দিনে আইএফএ শিল্ডের (IFA Shield) ম্যাচও এই মাঠে আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি, বারাসাত স্টেডিয়ামের গ্যালারির আসনসংখ্যা বাড়িয়ে একে আধুনিকমানের স্পোর্টস ভেন্যু হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
