সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট : তিলোত্তমায় শুরু হলো উদীয়মান ব্যাডমিন্টন তারকাদের শ্রেষ্ঠত্বের মেগা লড়াই ‘জাতীয় সাব- জুনিয়র (অনূর্ধ্ব-১৩) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার হরিনাভির অভিজাত ‘স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-তে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মর্যাদাপূর্ণ জাতীয় র্যাঙ্কিং টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে। দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বমোট ৪৬৪ জন তরুণ শাটলার এই টুর্নামেন্টে অংশ নিতে কলকাতায় এসে পৌঁছেছেন, যার মধ্যে রয়েছে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী প্রতিযোগী। স্বাগতিক দল হিসেবে পশ্চিমবঙ্গ থেকেও ৯০ জন প্রতিশ্রুতিবান খেলোয়াড় এই জাতীয় মঞ্চে নিজেদের সেরাটুকু উজাড় করে দিতে প্রস্তুত। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী মঞ্চে বসেছিল চাঁদের হাট।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে জুনিয়র শাটলারদের উৎসাহিত করেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি তারকা চেতন আনন্দ এবং জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘ভূমি’-র সুরজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা রাজ্য সচিব শেখর বিশ্বাস। সর্বমোট ৬ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার মূল্যের এই প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগের সিঙ্গেলস বিজয়ীরা পাবেন ৭২ হাজার টাকা এবং রানার্স-আপ প্রতিযোগীরা পাবেন ৩৬ হাজার টাকা। অন্যদিকে ডাবলস বিভাগে বিজয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা ও রানার্স-আপ জুটি লাভ করবে ৩৬ হাজার টাকা। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে সিঙ্গেলস ও ডাবলসের সেমিফাইনালিস্টদের জন্য ২৮ হাজার টাকা এবং সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালিস্টদের জন্য ২৪ হাজার টাকা অর্থপুরস্কার ধার্য করা হয়েছে, যা টুর্নামেন্টের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
