প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : দুর্গাপূজোর পরেই হতে চলেছে আইএফএ-র বহু প্রতীক্ষিত নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের আগেই আচমকা বড়োসড়ো প্রশাসনিক রদবদল ঘটলো ময়দানে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তিনি আইএফএ-র সমস্ত অনুমোদিত সংস্থার সদস্যদের উদ্দেশ্যে লেখা একটি অফিসিয়াল পদত্যাগপত্র সচিবের কাছে পাঠিয়ে দেন। নতুন স্পোর্টস কোডের নির্দেশিকা অনুযায়ী, সত্তর বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি ক্রীড়া সংস্থার প্রশাসনিক পদে বহাল থাকতে পারবেন না। বয়সসীমার এই নিয়মের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই পদ ছাড়ার পথ বেছে নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। ষাটের দশকে কালীঘাট মিলন সংঘের একজন সাধারণ সদস্য হিসেবে ময়দানে পদার্পণ করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে ময়দান সামলে অবশেষে আইএফএ-র শীর্ষ পদে আসীন হন।
পদত্যাগপত্রে এই দীর্ঘ সফর ও সভাপতির দায়িত্ব পালনকে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে পদ আঁকড়ে থাকার আগেই মর্যাদা সহকারে সরে দাঁড়ানোই তিনি সমীচীন মনে করেছেন। এতদিন পদত্যাগের বিষয়টি কেন আটকে ছিল, সেই বিষয়ে অজিতবাবু স্পষ্ট জানান যে বর্তমানে কলকাতা ফুটবল লিগ চলছে। আগামী শনিবার লিগের শেষ দিন। সমস্ত টুর্নামেন্ট যাতে একদম সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন হতে পারে, সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে দিয়েছিলেন। সভাপতির চেয়ার ছাড়লেও ফুটবলের সঙ্গে নিজের সুদীর্ঘ ভালোবাসার সম্পর্ক ছিন্ন হচ্ছে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
আইএফএ-কে নিজের পরিবার মনে করে আগামী দিনেও একজন সাধারণ শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেছেন অজিতবাবু। একইসঙ্গে নতুন প্রজন্মের দক্ষ প্রশাসকরা যে আগামীতে বাংলার ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই আশাও প্রকাশ করেন তিনি। নির্বাচন ও পুজোর মরশুমের ঠিক মুখেই সুদীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞ প্রশাসকের এই বিদায় নিশ্চিতভাবেই আইএফএ-র ভেতরের সমীকরণে নতুন আলোচনার জন্ম দিলো।
