প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোর শেষ প্রীতি ম্যাচে, ভারত শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হয়। যেখানে ভারতীয় দল প্রথম দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ৯ মিনিটে এডমুন্ডের শট প্রতিহত হবার পরপরই, ১০ মিনিটে বক্সের ভেতর পারামবীর উরুগুয়ের ফুটবলার ভিনাস বারবোজাকে ফাউল করলে ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ডারউইন নুনিয়েস।
১৪ মিনিটে ম্যাক্সি আরাউহোর শট পোস্টে লেগে ফিরে আসার পর, ম্যাচের ২২ মিনিটে রায়ানের শট উরুগুয়ের গোলরক্ষকের সেভ করার পর ফলো আপে থাপার গোলে সমতায় ফেরে ভারত। কিন্তু ২৬ মিনিটে অতিরিক্ত বজ্রপাত ও খারাপ আবহাওয়ার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়াই ভারতের জন্য মোড় ঘোরানো মুহূর্ত হয়ে দাঁড়ায়। বিরতির পর প্রায় ২০-২৫ মিনিট পরে শক্তিশালীভাবে ফিরে আসা উরুগুয়ের পক্ষে, ম্যাক্সি আরাউহোর দারুণ গোলে দলকে পুনরায় এগিয়ে নেন। ৩৭ মিনিটে নুনিয়েসের শট গুরপ্রিত এগিয়ে এসে গায়ে লাগিয়ে রক্ষা করেন এবং প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে ভারত ডিফেন্সে লোকসংখ্যা কমিয়ে ফেলে। ফলে ৫৩ মিনিটে নুনিয়েসের হেড থেকে বল পেয়ে জালাজারের নেওয়া চমৎকার শট উরুগুয়েকে ৩-১ গোলে এগিয়ে দেয়। ৫৯ মিনিটে একটি দুর্দান্ত থ্রু থেকে দুজন ভারতীয় ডিফেন্ডারের মধ্যে থেকে তীরের মতো বেরিয়ে গিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ ৪-১ করেন ম্যাক্সি আরাউহো। এর পর ৬২ মিনিটে অপুইয়ার লং রেঞ্জার শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ৬৯ মিনিটে সানানের নেওয়া দুরন্ত শট আটকে দেন কার্ডোজো। ৭১ মিনিটে প্যালেস্ট্রির ক্রস ভারতীয় রক্ষণের গায়ে লেগে আসার পর সানাব্রিয়া গোল করতে ভুল করেননি। তার এই ভুলের পরে উরুগুয়ে ৫-১ গোলে এগিয়ে যায়। ৮৬ মিনিটে রদ্রিগো আগিয়েরে বক্সের বাইরে থেকে টপ কর্নারে দর্শনীয় গোলে ৬-১ জয় সুনিশ্চিত করে উরুগুয়ে।
এই হারের মাধ্যমে গ্যালারিতে ‘গো ব্যাক গুরপ্রীত’ স্লোগানের মধ্য দিয়ে ভারতের ঐতিহাসিক সফরটি শেষ হয়। যেখানে প্রথম ম্যাচে পানামার সাথে ১-১ ড্র, ব্রাজিলের বিরুদ্ধে ৪-০ এবং উরুগুয়ের বিরুদ্ধে ৬-১ ব্যবধানের পরাজয় দেখেছে দল। এবার ভারতের চোখ আগামী নভেম্বর উইন্ডোর দিকে, যেখানে সফরকারী দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি, বাংলাদেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শিরোপা রক্ষা করতে নামবে ভারত।
