ময়দান আপডেট: এবারে দীর্ঘমেয়াদি আইএসএল নয়। লিগ কাম নকআউট এবং সেমিফাইনাল,ফাইনাল কোনও কিছুই থাকছে না আইএসএলে। মাত্র ১৪ টা দল ১৩ টা ম্যাচ খেলবে। অর্থাৎ অন্যান্যবার যেমন একটি করে হোম, একটি করে অ্যাওয়ে ম্যাচ খেলে সব দল সব দলের সঙ্গে, এবার তেমন না। এবার একটি করেই ম্যাচ খেলবে। আর গ্রুপ পর্বের পয়েন্টের বিচারেই আইলিগের ধাঁচে আইএসএলের চ্যাম্পিয়ন ও রার্নাস দল নির্ধারিত হয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই অধিকাংশ দল কেউ ৬টি, কেউ ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। সুতরাং বলাই যায় আইএসএলের অর্ধেক পর্ব শেষ। মে মাসের মধ্যেই শেষ করতে হবে ইন্ডিয়ান সুপার লিগ। তাও বাংলা সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায়, কিছু ম্যাচের তারিখ ও ভেন্যু বদল করে পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে আইএসএলের সমাপ্তি হতে পারে।

এই বছর লিগেই চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার কারণে প্রত্যেকটা ম্যাচ, একটি করে পয়েন্ট কিংবা গোল পার্থক্যের বিচারও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে মুম্বই সিটি এফসি। দুর্দান্ত ছন্দে রয়েছে বানিজ্য নগরীর এই দলটি। যদিও লিগের শুরুর দিকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে একমাত্র মোহনবাগানকেই ধরা হচ্ছিল। কিন্তু শেষ কয়েকটা ম্যাচে সার্জিও লোবেরার দলের খারাপ ফলাফল তাদের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে। শুধুমাত্র কয়েকটি ম্যাচে গোল পার্থক্যে মোহনবাগান বড় জয় পাওয়ায়, তারা জামশেদপুরের উপরে দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছে। সমসংখ্যক ৭টি ম্যাচ খেলে মোহনবাগান ও জামশেদপুর দুটি দলই ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান আর তিন নম্বরে জামশেদপুর। ১৪ পয়েন্ট নিয়েই চার নম্বরে ব্যাঙ্গালুরু। অন্যদিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার থেকে অনেকটাই এগিয়ে মুম্বই।

ফলে বৃহস্পতিবার আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টা অনেকটাই নিশ্চিত করে ফেলতে পারে মুম্বই সিটি। কারণ বৃহস্পতিবার সন্ধ্যায় জামশেদপুরের ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই সিটি এফসি। ওই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে মোহনবাগান ও ব্যাঙ্গালুরুর। কারণ ওই ম্যাচে মুম্বই যদি জামশেদপুরকে হারিয়ে দেয় তাহলে ৮ ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে ২০। সেক্ষেত্রে মুম্বইয়ে পিছনে ফেলে পয়েন্টে এগিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে যেতে পারে মোহনবাগানের জন্য। তবে ওই ম্যাচে যদি ড্র হয় তাহলে মুম্বইয়ের পয়েন্ট হবে ৮ ম্যাচে ১৮।

সেক্ষেত্রে মুম্বই যদি তাদের নবম ম্যাচে গোয়ার কাছে হেরে যায়, অন্যদিকে যদি পঞ্জাব ও নর্থ-ইস্টের বিরুদ্ধে জয় লাভ করতে পারে তাহলে আবারও এক নম্বরে উঠে আসতে পারে মোহনবাগান। সুতরাং মেরিনার্সরা অবশ্যই চাইবেন বৃহস্পতিবারের ম্যাচে জামশেদপুর জয় অথবা ড্র করুক, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। তবে এখন দেখার মুম্বই বনাম জামশেদপুর দুরন্ত ছন্দে থাকা দুই দলের ডুয়েলে কারা করে বাজিমাৎ!
কলকাতায় বরুণ দেবের দাপটে, পঞ্জাবের বিরুদ্ধে প্রথম পয়েন্ট পেয়ে স্বস্তি নাইটদের!
