ময়দান আপডেট: ১ গোলে এগিয়ে থেকেও, জামশেদপুরের বিরুদ্ধে ৯০ মিনিটে গোল খেলে ড্র করল মুম্বই সিটি এফসি। ফলে এই মরসুমে এখনও পর্যন্ত হার বাঁচিয়ে অপরাজিত থাকলেও, তৃতীয় ড্র করল মুম্বই সিটি এফসি। এদিন মুম্বই জয় পেলে ২০ পয়েন্ট নিয়ে লিগ জয় অনেকটাই নিশ্চিত করে ফেলতে পারত মুম্বই। কিন্তু ১-১ গোলে ড্র মুম্বই বনাম জামশেদপুর এফসি ম্যাচ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুম্বইয়ের হয়ে গোল করেন ব্রান্ডন ফার্নান্ডেস। এগিয়ে যায় মুম্বই।

এরপর দ্বিতীয়ার্ধে গোটা ম্যাচ জুড়ে ঘন-ঘন আক্রমণে ওঠেন মুম্বইয়ের ফুটবলাররা। তবে জামশেদপুরের ডিফেন্সের কাছে বার-বার আটকে যাচ্ছিল তারা। উল্টে খেলার বিপরীতে ৯০ মিনিটে জামশেদপুরের হয়ে গোল শোধ করেন বাঙালি ফুটবলার সার্থক গোলুই। খেলায় সমতা ফেরায় জামশেদপুর। এরপর মুম্বই প্রচেষ্টা করলেও, কোনও গোল করতে পারেনি। ফলে ১-১ গোলে শেষ হয় খেলা।

এদিন ম্যাচের পর মুম্বই ৮ ম্যাচে ৫টি জয় এবং ৩ ম্যাচ ড্র করে তাদের পয়েন্ট ১৮। জামশেদপুর ৮ ম্যাচ খেলে ৪ টি জয়, ৩ টি ড্র ও ১ টি হার। ১৫ পয়েন্টে জামশেদপুর এফসি। দ্বিতীয় স্থানে তারা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। ইস্টবেঙ্গল যদি চেন্নাইয়ের বিরুদ্ধে জয় লাভ করে, তাদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে গোল পার্থক্যের বিচারে ইস্টবেঙ্গল মোহনবাগান ও ব্যাঙ্গালুরুর থেকে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল উঠে আসবে তৃতীয় স্থানে। আর এরপর মোহনবাগান যদি পরের ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে জয় লাভ করে, তারা ১৭ পয়েন্ট নিয়ে আবারও উঠে আসবে দ্বিতীয় স্থানে।
এএফসি অনুর্ধ্ব ২০ মহিলা এশিয়ান কাপে লড়াকু ফুটবল উপহার দিয়েও, ভাগ্যের ফেরে বিদায় ভারতের!
