প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট: এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬ এর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল ভারতকে। সুইডিশ কোচ জোয়াকিম আলেকজান্ডারসনের প্রশিক্ষণে লড়াই করেও কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হল নীল বাঘিনীরা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এবং শেষ ম্যাচে জয় সব মিলিয়ে ভারতের এই সফর মিশ্র অভিজ্ঞতায় ভরা। টুর্নামেন্টের প্রথম দুইটি ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হয়েছিল ভারতকে। জাপানের বিরুদ্ধে প্রথমার্ধে ভারত মাত্র ১-০ গোলে পিছিয়ে থেকে দুর্দান্ত লড়াই করেছিল। তবে দ্বিতীয়ার্ধে জাপানীদের মুহুর্মুহু আক্রমণে রক্ষণভাগ ধসে পড়ে ভারতের। ফলে ৬-০ গোলের বড় ব্যবধানে হারতে হয় ভারতকে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেও ৫-০ গোলে হারতে হয় ইয়ং ট্রাইগ্রেসদের।

টানা দুই ম্যাচে ধাক্কা খাওয়ার পর শেষ ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ভারতের মেয়েরা। চাইনিজ তাইপেইকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে তারা। এই জয়টি ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছিল। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের সেরা দুটি দলের সঙ্গে তৃতীয় স্থানাধিকারী দলের সুযোগ ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার।

ভারত গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থান অর্জন করে সেই লড়াইয়ে টিকে ছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত গোল পার্থক্যের গাণিতিক মারপ্যাঁচে পিছিয়ে পড়ে তারা। অপর গ্রুপের ম্যাচে উজবেকিস্তান জর্ডানকে ৪-০ গোলে হারিয়ে দেওয়ায় তাদের পয়েন্ট ৩ হলেও গোল পার্থক্য দাঁড়ায় (-৪)। অন্যদিকে ভিয়েতনামের পয়েন্ট ৩ থাকলেও তাদের গোল পার্থক্য ছিল (-৫)। ভারতের পয়েন্টও ৩ ছিল, কিন্তু আগের দুই ম্যাচে বড়ো ব্যবধানে গোল খাওয়ায় তাদের গোল পার্থক্য ছিলো (-৯)। ফলে উজবেকিস্তান ও ভিয়েতনাম সেরা দুই তৃতীয় স্থান আধিকারী দল হিসেবে পরের রাউন্ডে চলে যায় এবং ভারতকে ফিরতে হয় খালি হাতে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও, মাঠের লড়াইয়ে ভারতের ইয়ং ট্রাইগ্রেসদের এই হার-না-মানা জেদ ফুটবল অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।
আইপিএলের আসরে চমক দিচ্ছে রাজস্থান! কারা রয়েছেন ORANGE CAP ও PURPLE CAP এর লড়াইয়ে?
