ময়দান আপডেট: লিগ টেবিলে ৯-নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে চিপকে, চেন্নাই সুপার কিংসের কাছেও আটকে গেল কলকাতা নাইট রাইডার্স। ফলে ৫ ম্যাচ খেলেও জয়ের খাতা খুলতে পারল না নাইটরা। গত মরসুমটাও ভালো যায় নি নাইটদের। আর এই মরসুমেও চূড়ান্ত ব্যর্থতা থেকে যেন কোনও ভাবেই বেরিয়ে আসতে পারছে না কেকেআর। সিএসকের কাছে হেরে লিগ টেবিলে সবার শেষে ১০-নম্বরেই থেকে গেল কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচে ৪ টি হার, একটি ম্যাচে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি হওয়ায় ১ পয়েন্ট ভাগ্যে জুটেছিল নাইটদের। সেই কারণে চিপকে হেরে চূড়ান্ত অস্বস্তিতে শাহরুখ খানের দল।

উল্লেখ্য, এদিন চেন্নাইয়ের ঘরের মাঠে তবে ভালো বোলিং প্রদর্শন করে নাইটরা। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স। আর ১৯২ রানেই প্রথম ব্যাট করা চেন্নাইকে আটকে দেয় নাইট বোলাররা। ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান করে চেন্নাই। সিএসকের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান করেন সঞ্জু স্যামসন। এছাড়া ২৯ বলে ৪১ রান করেন ডিওয়াল্ড ব্রেভিস। নাইটদের হয়ে যথেষ্ট ভালো বল উপহার দেন সুনীল নারিন, কার্তিক ত্যাগিরা। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন নারিন। অন্যদিকে ২ উইকেট নেন কার্তিক ত্যাগি। ফলে ২০০ রানও পার করতে পারেনি ইয়েলো আর্মিরা।

১৯৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা নাইটরা হয়তো মনে করেছিল সহজেই এই ম্যাচে জিতে যাওয়া সম্ভব হবে। কিন্তু এদিন আবারও চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা কেকেআরের। এদিনও ব্যাট হাতে রান পেলেন না দুই তারকা বিদেশী ফিন অ্যালেন ও ক্যামরন গ্রিন। শুরুতেই ১ রানে আউট হয়ে ফিরে যান ফিন অ্যালেন। এরপর কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও, ১৭ বলে ২৪ রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুনীল নারিন। নারিন দুটি চার ও দুটি ছয় হাঁকান। তবে ২ উইকেট পড়ে যাওয়ার পর, একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলেন অজিঙ্কা রাহানে ও অংকৃশ রঘুবংশি। কিন্তু এই পার্টনারশিপও বেশি সময় স্থায়ী হয়নি। ২২ বলে ২৮ রানে ফিরে যান রাহানে। ১৯ বলে ২৭ আউট হন রঘুবংশি। আর এদিন আবারও ব্যর্থ রিঙ্কু সিং। ৬ রানে আউট হয়ে যান তিনি। ০ রানেই ফিরে যান আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার গ্রিন।

তবে শেষ পর্যন্ত কিছুটা লড়াই করেন রভম্যান পাওয়েল ও রমনদীপ। কিন্তু এত বিরাট রানের টার্গেটের সামনে আর ম্যাচ জেতা সম্ভব ছিল না কেকেআরের। অপরদিকে এদিন দুর্দান্ত বোলিং উপহার দিলেন চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ। তিনি একাই ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

রমনদীপ আউট হয়ে যান ২৩ বলে ৩৫ রানে। তিনি ৪ টি চার ও একটি ছয় মারেন। অন্যদিকে রভম্যান পাওয়েল অপরাজিত থাকেন ২২ বলে ৩১ রানে। নাইটরা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৬০ রান। ফলে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে জিতে নিল ৩২ রানে।
হায়দরাবাদের দুই নবাগত পেসার প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনের দাপটেই প্রথম হার রাজস্থানের
