সৌরভ রায় , প্রতিনিধি
ময়দান আপডেট: আইএসএলের মাঝ পথেই আবারও খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। গত কয়েকটা মরসুম ভালো যায় নি লাল-হলুদের। বার-বার কোচ বদল করেও সাফল্য আসেনি। ৯-১০ এ শেষ করেছে লিগ টেবিলে। ফলে কর্মকর্তা থেকে সমর্থরদের চরম সমালোচনা মুখে পড়েছে ইস্টবেঙ্গল দল। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কোচ অস্কার ব্রুজোঁ লাল-হলুদের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই ক্রমশ ইস্টবেঙ্গল দলের ফুটবলারদের মানসিকতা থেকে খেলার গতিতে অনেক বদল আসে। অস্কারের পছন্দ অনুসারে এই মরসুমে বেশ কিছু তারকা বিদেশী ফুটবলারদের সই করায় ইমামি। তার ফলও মিলেছে। গত কয়েকটা মরসুমের ব্যর্থতা কাটিয়ে অনেকটাই সাফল্যে প্রত্যাবর্তন করেছে ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে এখনও পর্যন্ত ৯ টা ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। ৫টি ম্যাচে জয় লাভ করেছে। লিগে চ্যাম্পিয়নের দৌড়ে এখনও রয়েছে লাল-হলুদ বাহিনী তা বলা যেতেই পারে। আগামী ৫ তারিখ মুম্বই এরিনায় মুম্বই সিটির বিরুদ্ধে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের। তবে এই ম্যাচের আগে রবিবার সাংবাদিক সম্মেলনে আচমকাই সকলকে বিস্মিত করে নিজের ইস্টবেঙ্গল থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন অস্কার! এই খবরে দলের অন্দর থেকে সমর্থকদের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন তিনি জানান, “গত প্রায় দুই মরসুম ইস্টবেঙ্গলের মতো সেরা ক্লাবের কোচ হিসাবে কাজ করতে পেরে আমি গর্বিত। ইস্টবেঙ্গলের কথা সারা জীবন মনে থাকবে। দলের ম্যানেজমেন্ট ইমামি থেকে ক্লাব কর্তারা সকলেই পাশে থেকেছেন। সমস্ত রকম সহযোগিতা পেয়েছি। দলের ভালো সময় থেকে খারাপ সময়ে সমর্থকরা পাশে থেকেছেন। তবে গত মরসুমের থেকে এই মরসুমে দলের সাফল্য অনেকটাই বেড়েছে। আগামী দিনের জন্যও ইস্টবেঙ্গলের সাফল্য কামনা করছি। কারর বিরুদ্ধে কোনও ক্ষোভ বা অভিযোগ আমার নেই। ইমামি কর্তাদের আমার ইস্তফার কথা আমি জানিয়েছি। তারা আমার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। ফলে এই মরসুমে দলকে ভালো জায়গায় শেষ করে আগামী ৩১ মে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে আমি অব্যাহতি নিতে চলেছি।”

তবে মুম্বই ম্যাচের আগে আচমকাই অস্কারের এই ঘোষণায় হতবাক সমর্থকরা। অনেকেই বলছেন, ১৭ মে ডার্বির পর ঘোষণা করলে ভালো করতেন। কারণ এই ঘোষণার ফলে দলের ফুটবলারদের মনে প্রভাব পড়তে পারে। যা গুরুত্বপূর্ণ আইএসএলের ম্যাচের ফলাফলেও প্রভাব পড়তে পারে। যদিও অস্কার মনে করেন, দলের ফুটবলারদের মধ্যে কোনও প্রভাব পড়বে না। কারণ তিনি প্রফেসেনাল কোচ। সুতরাং মরসুম শেষ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার এটাই সঠিক সময়।

পাশাপাশি উল্লেখ্য, আগামী ৫ তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল দলে মিগুয়েলকে পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। কারণ ২ ম্যাচ তাঁকে সাসপেন্ড করেছে ফেডারেশন। যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সাসপেন্ড তুলে নেওয়ার আর্জি জানান হয়েছে। কিন্তু এখনও কোনও সদুত্তর মেলেনি। পাশাপাশি চোটের জন্য ওড়িশা ম্যাচে আনোয়ারকে না পাওয়া গেলেও, মুম্বই ম্যাচে প্রথম একাদশে আনোয়ারদের দেখা যাবে বলেই জানান কোচ। মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ডিফেন্স সামলাবেন আনোয়ার, জিকসন ও কেভিন। দুই দিকে উইঙ্গারে দেখা যাবে বিপিন ও বিষ্ণুকে। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দলকে গোল উপহার দিয়েছেন বিপিন। ফলে তার দিকে বিশেষ নজর থাকবে। মাঝ মাঠে দেখা যাবে সাউল ক্রেসপো ও রশিদকে। পাশাপাশি মনে করা হচ্ছে আক্রমণ ভাগে দেখা যাবে অ্যান্টন সোজবার্গ, নন্দাকুমার শেখর ও এডমুন্ডকে। ইউসুফ ইজেজ্জারিকে সম্ভবত শুরুতে বেঞ্চে রাখবেন অস্কার। দ্বিতীয়ার্ধে গোল তুলে আনার জন্য় মাঠে নামানো হবে ইজেজ্জারিকে। শেষ ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে চলে এসেছেন তিনি। আর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ম্যাচে ৩ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকবে লাল-হলুদ। তাই শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলার পরিকল্পনা ইস্টবেঙ্গল কোচের। এদিন অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখা গেল দলের সমস্ত ফুটবলারদের। ফলে এখন দেখার মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের সাফল্য কতটা ধরে রাখতে পারে লাল-হলুদ বাহিনী!
২ গোলে অস্ট্রেলিয়া জিতলেও, লড়াকু ফুটবল উপহার অনুর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের
