Sunday, May 31, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলএশিয়ান কাপ থেকে বিদায় 'ব্লু কল্টস'দের, অধরাই থেকে গেল ফিফা বিশ্বকাপের টিকিট

এশিয়ান কাপ থেকে বিদায় ‘ব্লু কল্টস’দের, অধরাই থেকে গেল ফিফা বিশ্বকাপের টিকিট

টানা দুই হারে ভারতের বিদায় নিশ্চিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এই গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে গেল।

প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট: সৌদি আরবের জেদ্দায় স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল বিবায়ানোর ছেলেরা। লক্ষ্য ছিল এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। কিন্তু অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে টানা দুই হারে ভারতের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে উত্তর কোরিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় গ্রুপ ‘ডি’ তিন দলের হয়ে যায়। নিয়ম ছিল, গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে গেলেই নিশ্চিত হবে বিশ্বকাপের ছাড়পত্র। ভারতের সামনে সুযোগ ছিল দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পাওয়া, কিন্তু মাঠের লড়াইয়ে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় রাজরুপরা।

গত ৬ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে ভারত। আক্রমণভাগে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি ব্লু কল্টসরা। উল্টো দিকে গোল করার সুযোগ হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া। একের পর এক গোল খেয়ে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে হারতে হয় ভারতকে। উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল ভারতের জন্য মরণ বাঁচন লড়াই। ইরানকে হারিয়ে বাছাইপর্ব পার করা এবং কাতার-আরব আমিরাতের মতো দলের বিরুদ্ধে ভালো খেলার কারণে এই দলের ওপর সমর্থকদের অনেক ভরসা ছিল। কিন্তু এই ম্যাচে রক্ষণের কঙ্কালসার অবস্থা বেরিয়ে পড়ে। ডিফেন্ডারদের সঙ্গে গোলরক্ষকের বোঝাপড়ার অভাব এবং মারাত্মক কিছু ভুলের সুযোগ নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উজবেকিস্তান ৩-০ গোলে জয়লাভ করে। দলের হার নিশ্চিত হলেও ভারতের গোলরক্ষক রাজরূপ সরকার গোলপোস্টের নিচে অসাধারণ লড়াই করেছেন। রক্ষণের ভুলে উজবেকিস্তান যখন একের পর এক আক্রমণ করছিল, তখন রাজরূপ বেশ কিছু অবিশ্বাস্য সেভ করেন। তিনি রুখে না দাঁড়ালে পরাজয়ের ব্যবধান আরও বড়ো হতে পারতো।

টানা দুই হারে ভারতের বিদায় নিশ্চিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এই গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে গেল। সেই সঙ্গে দল দুটি ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটও পকেটে পুরে নেয়। ভারতের লড়াকু মানসিকতা এবং বাছাইপর্বের সাফল্য সত্ত্বেও মূল মঞ্চে রক্ষণভাগ ও ফিনিশিংয়ের দুর্বলতা এবং কোচের কিছু ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত ব্লু কল্টসদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ালো।

ইস্টবেঙ্গলের ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল উপহার পঞ্জাবের, ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল ইস্টবেঙ্গলকে

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular