প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতায় ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি প্রকাশ করে দিলো আইএফএ। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গ্রুপ পর্বের কোনো পয়েন্ট যুক্ত হবে না এবং নিজ গ্রুপের প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ম্যাচ থাকবে না। গ্রুপ পর্বে ভবানীপুর দল ছিল সম্পূর্ণ অপরাজিত এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল এক গ্রুপে থাকা সত্ত্বেও তাদের টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে।
অন্য দিকে কোল ইন্ডিয়া এই মরসুমেই প্রিমিয়ার ডিভিশনে প্রমোট হয়ে দুর্দান্ত ও অপ্রতিরোধ্য ফুটবল প্রদর্শন করে সবার নজর কেড়েছে। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস গত মরসুমের রানার্সআপ হিসেবে তাদের ধারাবাহিকতা বজায় রেখে খেতাবের দাবিদার হিসেবে শক্তিশালী ভূমিকা রাখবে। এদিকে সম্প্রতি ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড মোহনবাগানের ৯ জন আইএসএল তারকা থাকা প্রথম দলের বিরুদ্ধে ১-১ ড্র করে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে।
১০ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হবে কোল ইন্ডিয়া বনাম মোহনবাগান (মোহনবাগান গ্রাউন্ড), ইউনাইটেড এসসি বনাম ইস্টবেঙ্গল (ইস্টবেঙ্গল এরিয়ান গ্রাউন্ড) এবং ১১ সেপ্টেম্বর মহামেডান বনাম ভবানীপুর (নৈহাটি স্টেডিয়াম)। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে ইউনাইটেড এসসি খেলবে মোহনবাগানের বিরুদ্ধে (মোহনবাগান গ্রাউন্ড), ১৪ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মহামেডানের (বারাসাত স্টেডিয়াম) এবং ১৫ সেপ্টেম্বর কোল ইন্ডিয়া খেলবে ভবানীপুরের বিরুদ্ধে (ব্যারাকপুর স্টেডিয়াম)। ১৯ সেপ্টেম্বর শেষ রাউন্ডে মেগা ফাইটিংয়ে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান (বারাসাত স্টেডিয়াম) এবং ১৯ সেপ্টেম্বর কোল ইন্ডিয়া খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে (ইস্টবেঙ্গল এরিয়ান গ্রাউন্ড) ও ভবানীপুর লড়বে ইউনাইটেড এসসির বিরুদ্ধে (বারাসাত স্টেডিয়াম)।
সমস্ত দলের অসাধারণ পারফর্ম্যান্স এবং নতুন করে পয়েন্ট কাউন্ট হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার লড়াই সবকটি ক্লাবের জন্যই পুরোপুরি খোলা রয়েছে। অর্থাৎ বলাই চলে শুধুমাত্র তিন প্রধানই নয় তাদেরকে টেক্কা দিতে প্রস্তুত রয়েছে ভবানীপুর, ইউনাইটেড এবং কোল ইন্ডিয়া।
