প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : ২১ সেপ্টেম্বর থেকে ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা আইএফএ শিল্ড শুরু হতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের সবুজ সংকেত মিললেও, আইএফএ কর্তারা আগামী ৪ অক্টোবরই ফাইনাল ম্যাচটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এবারের শিল্ডে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে, যেখানে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে আলাদা দুটি গ্রুপে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের আকর্ষণ এবং টিকিট বিক্রি শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রাখার উদ্দেশ্যেই প্রাথমিক পর্যায়ে ডার্বি ম্যাচ রাখা হচ্ছে না, ফলে কোনো লটারি ছাড়াই ক্রীড়াসূচি তৈরি করা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ম্যাচ থাকায় প্রাথমিক পর্বের জন্য যুবভারতী পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের নিজস্ব মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার তিন প্রধান ক্লাব ব্যতীত টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ভিনরাজ্য থেকে দুটি আইএসএল দল এবং একটি আই-লিগের ফুটবল দলকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।যেহেতু মোহনবাগান গত মরশুমের শিল্ড চ্যাম্পিয়ন, তাই আইএফএ ইচ্ছা মোহনবাগান মাঠেই উদ্বোধনী ম্যাচ এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার।

প্রতিটি প্রধান দলই তাদের গ্রুপের ম্যাচগুলি নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে। পরবর্তীতে ৪ অক্টোবর ব্রাজিলের ম্যাচের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনেই জমকালো আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
