প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের নিজেদের প্রথম ম্যাচে, ইউনাইটেড এসসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে খেতাবের দৌড়ে বড়োসড়ো ধাক্কা খেল ইস্টবেঙ্গল। বৃষ্টিভেজা ভারী মাঠে চাকু মান্ডি, মনোতোষ মাজি ও বিক্রম প্রধানদের অনুপস্থিতিতে মাঝমাঠ এবং আক্রমণে চরম ব্যর্থতার পরিচয় দেয় তরুণ বাঙালি ব্রিগেড।
প্রথমার্ধে ডার্বির নায়ক বিলালের একক প্রচেষ্টার একটি দারুণ শট চমৎকার দক্ষতায় রুখে দেন ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত। অন্যদিকে রক্ষণভাগে অঙ্কন ভট্টাচার্য ও মনোতোষ চাকলাদার শক্ত হাতে হাল ধরলেও, অনন্থু এবং আকাশ হেমরামদের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে জয়সূচক গোলের মুখ দেখতে পায়নি লাল হলুদ দল। সুপার সিক্সে আগের পর্বের পয়েন্ট যুক্ত না হওয়ায় এই ড্রয়ে শিরোপার লড়াইয়ে ব্যাকফুটে চলে গেলো ইস্টবেঙ্গল, বিশেষ করে যেখানে মোহনবাগান বড়ো জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে নৈহাটি স্টেডিয়ামে শক্তিশালী ভবানীপুরকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে মহামেডান স্পোর্টিং। মহামেডানের হয়ে গুরুত্বপূর্ণ গোল দুটি করেছেন ফারদিন আলি মোল্লা ও ইসরাফিল দেওয়ান।
ফলে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করে সব দিক থেকেই তীব্র চাপের মুখে পড়লো অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা, যদিও লাল-হলুদ শিবির বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে এখনো হাল ছাড়তে নারাজ। অপরদিকে ইস্টবেঙ্গলের পাশাপাশি বেশ অনেকটাই ব্যাকফুটে চলে গেল ভবানীপুর। সুপার সিক্সের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে মোহনবাগান এবং মহামেডান।
